১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ এলে ফের ‘বিতর্কিত’ স্টাম্পিং করবেন কেয়ারি

জনি বেয়ারস্টোকে স্টাম্পিং করায় সমালোচিত হলেও আত্মপক্ষ সমর্থনে অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 06:09 PM

Updated : 16 Jul 2023, 06:09 PM

লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোকে ‘কিছুটা অস্বাভাবিকভাবে’ স্টাম্পিং করে যে বিতর্কের জন্ম দেন অ্যালেক্স কেয়ারি, তা নিয়ে চর্চা চলছেই। অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যানকে ওই কাণ্ড নিয়ে কথা শুনতে হয় এখনও। তবে সেসবে কান দিচ্ছেন না কেয়ারি। পরিষ্কার করে বললেন, ভবিষ্যতে এমন সুযোগ পেলে পিছপা হবেন না তিনি। 

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে বেয়ারস্টোকে স্টাম্পিং করে অস্ট্রেলিয়ার জয়ের ভিতটা গড়ে দেন কেয়ারি। ৩৭১ রানের লক্ষ্য তাড়ায় বেয়ারস্টোর বিদায়েই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। পরে বেন স্টোকস পাল্টা আক্রমণে ১৫৫ রানের অসাধারণ ইনিংস খেলে আশা জাগালেও দলের মুখে হাসি ফোটাতে পারেননি। স্বাগতিকরা ৪৩ রানের হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে। 

ইংল্যান্ডের রান তাড়ায় ৫২তম ওভারের ঘটনা ছিল; ওভারের শেষ বলটি বাউন্সার দেন ক্যামেরন গ্রিন। মাথা নিচু করে বল ছেড়ে দেন বেয়ারস্টো। কেয়ারি বল গ্লাভসে নিয়ে আস্তে করে ছুড়ে দেন স্টাম্পের দিকে। বল ছেড়ে দেওয়ার পর বেয়ারস্টো ততক্ষণে ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে গেছেন। বল স্টাম্পে ছোবল দিলে আউটের আবেদন করে অস্ট্রেলিয়া। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের জন্য পাঠান মাঠের আম্পায়ার। 

দেখে মনে হচ্ছিল, বেয়ারস্টো রান নেওয়ার জন্য বের হননি, ওভার শেষ হওয়ায় অপর প্রান্তে থাকা স্টোকসের সঙ্গে কথা বলতে এগিয়ে যান তিনি। কিন্তু বল তখনও ‘ডেড’ না হওয়ায় বেয়ারস্টোকে আউট দেন টিভি আম্পায়ার। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। 

অনেকের মতে কেয়ারির ওই স্টাম্পিং ছিল ক্রিকেটের ‘চেতনার পরিপন্থী’ কাজ। সে সময় অনেক সমালোচনার শিকার হন তিনি। আলোচনা থামেনি এখনও। 

লর্ডসে হারার পর হেডিংলিতে তৃতীয় টেস্টে দারুণ এক জয় তুলে নেয় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। আগামী বুধবার ম্যানচেস্টারে শুরু দুই দলের চতুর্থ ম্যাচ। ওই লড়াইয়ের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেয়ারি বলেন, পরের টেস্টগুলোয় এমন স্টাম্পিংয়ে সুযোগ পেলে তা লুফে নেবেন তিনি। 

“এটা (বেয়ারস্টোকে ওই স্টাম্পিং নিয়ে) নিয়ে কিছু অপ্রীতিকর কথা বলা হয়েছে, তবে বুঝতে হবে এটা অ্যাশেজ। আগেও এখানে এমন বাজে কথা বলা হয়েছিল।” 

অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু আগামী ২৭ জুলাই, দা ওভালে।