২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীর সাকিব-তামিমদের খুঁজতে স্কুল ক্রিকেট নতুনভাবে করবেন আমিনুল

‘সুপার ট্যালেন্টগুলো’ বের করে আনতে নতুন উদ্যোগে নতুন ভাবে স্কুল ক্রিকেট আয়োজন করতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

প্রাইম ব্যাংকের সহায়তায় বছরের পর বছর ধরে স্কুল ক্রিকেট আয়োজন করে আসছে বিসিবি। দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব এটিই। তবে প্রতিভা তুলে আনার ক্ষেত্রে এটিকে আরও কার্যকর করে তুলতে চায় বিসিবি। সামনের সময়টায় তাই স্কুল ক্রিকেট নতুন রূপে শুরু করার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিশ্বের শীর্ষ ক্রিকেট খেলুড়ে অনেক দেশেই স্কুল ক্রিকেটের কাঠামো বেশ শক্ত। উপমহাদেশের দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় তো স্কুল ক্রিকেট থেকেই ভবিষ্যৎ পেশাদার ক্রিকেটারদের মূল জোগান আসে। ভারতেও বিভিন্ন রাজ্য ও শহরে স্কুল ক্রিকেটের সংস্কৃতি অনেক পুরোনো ও গভীর। 

বাংলাদেশে স্কুল ক্রিকেট অনেক দিন ধরে চললেও মান ও কাঠামো নিয়ে প্রশ্ন থেকে গেছে সবসময়। আমিনুল নিজে নির্মান স্কুল ক্রিকেট খেলে নিজেকে চিনিয়েছেন, সেই সময়ের আরও কিছু ক্রিকেটারও এভাবেই উঠে এসেছেন। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট গত কয়েক বছরে বেশ সাড়াও জাগিয়েছে। তবে স্কুল ক্রিকেট খেকে সরাসরি দেশের ক্রিকেটের মূল স্রোতে আসা ক্রিকেটারদের প্রবাহ এখনও ততটা আশাপ্রদ নয়।

এখানেই বদল দেখতে চান আমিনুল। চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বললেন স্কুল ক্রিকেটে পরিবর্তনের তাড়নার কথা।

“আগামী দিনের তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ, এরা সবাই স্কুলে আছে। এটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব যে, প্রতিভাগুলোকে আমরা কীভাবে বের করে নিয়ে আসব। স্কুল ক্রিকেট অনেক দিন ধরে হচ্ছে। কিন্তু আমরা এবার নতুন উদ্যোগে নতুনভাবে আমরা স্কুল ক্রিকেট করব। সেখানে শুধু স্কুল ক্রিকেটে ওরা খেলবেই না, সেখান থেকে দেশজুড়ে ক্রিকেট ভক্ত তৈরি করব আমরা এবং দ্বিতীয়ত যেটা হবে, সেখান থেকে আমরা সুপার ট্যালেন্টগুলো বের করে আনব।”

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থকে আমিনুলের নানা উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ক্রিকেট বিকেন্দ্রীকরণের চেষ্টা। যদিও বহুল আলোচিত আঞ্চলিক ক্রিকেট সংস্থা এখনও কার্যকর হয়নি বা ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার তেমন কাঠামো এখনও নেই বিসিবির, আমিনুল চেষ্টা করছেন নানা উপায়ে ক্রিকেটকে তৃণমূলে পৌঁছে দিতে। 

চট্টগ্রাসের এই টুর্নামেন্টকে সেই পথেই একটি পদক্ষেপ বলা যায়। বিসিবি প্রধান এই টুর্নামেন্টের মূল কৃতিত্ব দিলেন চট্টগ্রামের সন্তান বিসিবি পরিচালক আকরাম খানকে। 

“এটা আইডিয়া পর্যায়ে ছিল এবং সেখান থেকে মাঠে নিয়ে আসার পরিকল্পনা করেছে আকরাম খান ও তার দল। আমার কাছে মনে হয়, বিকেন্দ্রীকরণ শুধু ক্রিকেটের প্রতিযোগিতামূলক নয়, প্রতিটি জেলার নিজস্ব যে ক্রিকেট সত্তা আছে, সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে, বিভিন্ন উপজেলা থেকে ভালো ক্রিকেটাররা জেলাতে এসে যেন খেলতে পারে, সেই জেলা যেন শুধু একটা ভালো ক্রিকেট দল নয়, বরং একটি ক্রিকেট পরিবার গড়তে পারে, ফিজিও-ট্রেনার ও সব স্টাফদের তৈরি করতে পারে।”

“প্রথম ইভেন্টে যে পরিমাণ সাড়া আজকে দেখলাম… চট্টগ্রাম এটা শুরু করল, আশা করি অন্যান্য অঞ্চলগুলোতেও এই ধরনের সুন্দর ব্যবস্থাপনা থাকবে।”

বিভিন্ন অঞ্চলে এই টুর্নামেন্টগুলো থেকে উঠে আসা প্রতিভাবান ক্রিকেটারদের ঘষেমেজে তৈরি করার দায়িত্ব বিসিবির, বললেন আমিনুল। 

“এটা তো শেষ পর্যায়, মানে খেলা। এর আগে প্রথমে তো অনুশীলন করবে, প্রতিভা দেখাবে, ম্যাচ পরিস্থিতিতে খেলবে, এরপর ম্যাচ খেলবে। ম্যাচ খেলার মাধ্যমে যে নতুন প্রতিভা উঠে আসবে, এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ পথ।”

“এখানে শুধু খেললেই হবে না, আমাদের কিছু কাজ আছে এখানে। প্রতিভা বাছাই করা, তাদেরকে ধরে রাখা, আমাদের কাজগুলি এখন বেড়ে গেল। আমাদের যে গেম ডেভেলপমেন্ট বিভাগ আছে, হাই পারফরম্যান্স বিভাগ আছে, তাদের মাধ্যমে সেরা প্রতিভাগুলো নিয়ে যেন আমরা আমাদের পাইপলাইন শক্তিশালী করতে পারি।”