Published : 07 May 2026, 12:17 AM
শুরুতেই নামতে হলো ব্যাট হাতে। দারুণ দৃঢ়তায় খেললেন একেবারে শেষ পর্যন্ত। করলেন পেশাদার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি; কিন্তু দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিতে পারলেন না কুপার কনোলি।
তার দল পাঞ্জাব কিংসকে ৩৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল সানরাইজার্স হায়দরাবাদ।
প্রতিপক্ষের ২৩৫ রান তাড়ায় সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে এক হাতে লড়াই করেন কনোলি, খেলেন ৫৯ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস। তবে তা যথেষ্ট হয়নি, ৭ উইকেটে ২০২ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বুধবার চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এলোমেলো হয়ে পড়ে পাঞ্জাব। প্রথম ওভারের শেষ বলে প্রিয়ানশ আরিয়া আউট হলে নামেন কনোলি।
দ্বিতীয় ওভারের প্রথম বলে পড়ে আরেকটি উইকেট। তৃতীয় ওভারে একটি করে চার ও ছক্কা হাঁকান কনোলি। পরের ওভারের দ্বিতীয় বলে ফিরে যান অধিনায়ক শ্রেয়াস আইয়ারও।
বিরুদ্ধ পরিস্থিতিতে একটু ধীরে চলার সিদ্ধান্ত নেন কনোলি। আরেক প্রান্তে মার্কাস স্টয়নিস হাত খুলে খেলায় পাওয়ার প্লেতে ৫৭ রান তুলতে পারে দলটি। কিন্তু পরের ওভারে আবার উইকেট পতন, ফিরে যান স্টয়নিস, তখন কনোলির রান ১৬ বলে ২১।
পরের দুই ওভারে কোনো বাউন্ডারি আসেনি, তাতে প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকে। দশম ওভারে পরপর দুটি ছক্কা মেরে পাল্টা আক্রমণ শুরু করেন কনোলি। কিন্তু বড় কোনো জুটি গড়তে পারেননি তিনি। আবার বাউন্ডারি বিহীন ওভার যেতে থাকে, বাড়তে থাকে চাপ।
পঞ্চদশ ওভারে একবার বেঁচেও যান কনোলি। ছুটে গিয়ে ফিরতি ক্যাচ নিতে পারেননি সাকিব হুসেইন। শেষ পাঁচ ওভারে পাঞ্জাবের দরকার পড়ে ১০৬ রান।
শেষ চেষ্টায় আক্রমণ শুরু করেন কনোলি। যদিও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট হয়নি। শেষ ওভার শুরুর আগেই পাঞ্জাবের পরাজয় একরকম নিশ্চিত হয়ে যায়।
ওই ওভারের চতুর্থ বলে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন কনোলি। পরে হাঁকান আরেকটি ছক্কা। কিন্তু ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির উপলক্ষটা রাঙাতে পারেননি তিনি। ৫৯ বলের ইনিংসে সাতটি চার ও আটটি ছক্কা মারেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে পাঞ্জাব। এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে হায়দরাবাদ।