ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান
কারণ এখনও পরিষ্কার নয়, তবে এ নিয়ে টানা দ্বিতীয়বার প্রথাগত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এলো না পাকিস্তান।
এশিয়া কাপে আরও একবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান। কারণ এখনও পরিষ্কার নয়।
সুপার ফোরে রোববার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এর আগের দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের কোচ বা খেলোয়াড়দের একজনের দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার কথা ছিল।
দুবাইয়ে আইসিসি একাডেমিতে ৬টা থেকে তিন ঘণ্টা অনুশীলন করার কথা দলটির। ইএসপিএনক্রিকইনফো লিখেছে, সূচি অনুযায়ীই পাকিস্তান অনুশীলন করবে বলে জানতে পেরেছে তারা।
এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগেও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন করেনি তারা। সেই সময় আলোচনার কেন্দ্রে ছিল ভারত ও পাকিস্তান ম্যাচের ‘করমর্দন কাণ্ড।’
এই দুই দলের আসছে লড়াইয়েও ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। দল দুটির প্রথম লড়াইয়ে ভারতের হাত না মেলানো নিয়ে তৈরি হওয়া বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি।
ওই ম্যাচের ঘটনায় পাকিস্তানের দাবি, টসের আগে তাদের অধিনায়ক সালমান আলি আগাকে পাইক্রফট জানান, ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের সঙ্গে করমর্দন হবে না। পিসিবি মনে করে, এতে আইসিসির আচরণবিধি পালন করতে ব্যর্থ হয়েছেন ম্যাচ রেফারি। তাই তারা তাৎক্ষণিকভাবে পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরিয়ে নেওয়ার দাবি তোলে।
আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের দিন ঠিক সময়ে মাঠেও আসেনি পাকিস্তান। অনেক টানাপোড়েনের পর এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। এর মাঝে পাইক্রফটের সঙ্গে আলোচনায় বসে তারা। পরে পিসিবি জানায়, সেদিনের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট।
সেটা নিয়েও তৈরি হয় নতুন বিতর্ক। ওই আলোচনার সভায় ভিডিও করায় পিসিবিকে এক ই-মেইলে কড়া বার্তা পাঠিয়েছে আইসিসি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের এলাকায় ভিডিও করে আইন ভেঙেছে তারা। জবাবে পিসিবি জানিয়েছে, তারা কোনো নিয়ম লঙ্ঘন করেনি।
ভারতও শনিবার সংবাদ সম্মেলন করবে না। একদিন পরেই নিজেদের পরের ম্যাচ থাকায় ওমান ম্যাচ শেষে ‘নিষেধাজ্ঞা দিয়ে’ (সঠিক সময়ের আগে প্রচারে মানা) পাকিস্তান ম্যাচের সংবাদ সম্মেলন করে রেখেছিল তারা।
