১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেসকোথিকের ২৪ বছর পর ব্রুক

হেডিংলি টেস্টে তিন দফায় জীবন পেয়েও এক রানের জন্য সেঞ্চুরি পেলেন না ইংলিশ ব্যাটসম্যান।

ট্রেসকোথিকের ২৪ বছর পর ব্রুক
খুব কাছে গিয়েও সেঞ্চুরি করতে না পারার হতাশা হ্যারি ব্রুকের চোখে-মুখে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 01:50 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

হ্যারি ব্রুকের দৃষ্টি সীমানায় তখন কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঠিকানা। প্রয়োজন ছিল কেবল একটু ধৈর্য ধরার। সেটাই করতে পারলেন না তিনি। প্রাসিধ কৃষ্ণার শর্ট ডেলিভারিতে হুক শট খেলে ধরা পড়লেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। খুব কাছে গিয়েও সেঞ্চুরি ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে ক্রিজ ছাড়লেন ইংলিশ ব্যাটসম্যান।

ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে রোববার ৯৯ রানে আউট হন ব্রুক। তার ১১২ বলের ইনিংসটি গড়া ২ ছক্কা ও ১১ চারে।

এশিয়ার দলটির বিপক্ষে এক রানের জন্য সেঞ্চুরি না পাওয়া দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান ব্রুক। ২৪ বছর আগে মোহালিতে ৯৯ রানে আউট হয়েছিলেন মার্কাস ট্রেসকোথিক।

হেডিংলিতে ৯৯ রানে ড্রেসিং রুমে ফেরা তৃতীয় ব্যাটসম্যান ব্রুক। তার আগে এখানে এই তেতো অভিজ্ঞতা হয়েছিল পাকিস্তানের সেলিম মালিক (১৯৮৭) ও ইংল্যান্ডের মাইকেল আথারটনের (১৯৯৪)।

২৬ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার এক রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়লেন ২৬ বছর বয়সী ব্রুক।

অবশ্য শূন্য রানেই শেষ হতে পারত ব্রুকের এই ইনিংস। ম্যাচের দ্বিতীয় দিন শনিবার জাসপ্রিত বুমরাহ ‘ওভারস্টেপ’ করায় ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। তৃতীয় দিন আরও দুই দফায় জীবন পান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

৭১তম ওভারে রাভিন্দ্রা জাদেজার বলে ব্রুকের ক্যাচ গ্লাভসে জমাতে পারেননি রিশাভ পান্ত। তখন ৪৬ রানে খেলছিলেন ব্রুক। ওই ওভারেই পরে ফিফটি স্পর্শ করেন শুন্য রান নিয়ে দিন শুরু করা ডানহাতি ব্যাটসম্যান।

আউট হওয়ার দুই ওভার আগেও আরেকবার বেঁচে যান ব্রুক। বুমরাহর বলে স্লিপে ক্যাচ ছাড়েন ইয়াশাসভি জয়সওয়াল। ৮৩ রানে জীবন পেয়ে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। বারবার ভাগ্যকে পাশে পেয়েও ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি পাওয়া হলো না তার।

আগের দিন সেঞ্চুরি করা অলি পোপ এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। ১০৬ রানে বিদায় নেন টপ অর্ডার ব্যাটসম্যান। বেন স্টোকসের বিদায়ের পর জেমি স্মিথকে নিয়ে দলের হাল ধরেন ব্রুক। তাদের জুটিতে আসে ৭৩ রান। পরে ক্রিস ওকসের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন ব্রুক।

তার বিদায়ের পর ওকস, ব্রাইডন কার্সদের কার্যকর ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৪৬৫ রান করে ইংল্যান্ড। ৪৭১ রান করা ভারত পায় ৬ রানের লিড।

ব্রুক ৯৯বুমরাহর ৫ উইকেট

পাঁচ উইকেটে বুমরাহর দুই কীর্তি

সাটক্লিফ থেকে ব্রুক৯৯ রানে আউট যত ইংলিশ ব্যাটসম্যান