১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিভার-ব্রান্টের সেঞ্চুরিতে ১০৫৯ দিনের অপেক্ষার অবসান

প্রথম ব্যাটার হিসেবে উইমেন’স প্রিমিয়ার লিগে সেঞ্চুরির কীর্তি গড়লেন ইংলিশ অধিনায়ক।

সিভার-ব্রান্টের সেঞ্চুরিতে ১০৫৯ দিনের অপেক্ষার অবসান
সেঞ্চুরির পর ন্যাট সিভার-ব্রান্ট। ছবি: ডব্লিউপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 11:41 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

প্রথম আসরে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৯ রানে আউট হয়েছিলেন একজন। তৃতীয় আসরে আরেকজন অপরাজিত রয়ে যান ৯৯ রানে। চলতি আসরে দুই জন থমকে যান ৯৫ ও ৯৬ রানে। অবশেষে ফুরাল দীর্ঘ অপেক্ষা। প্রথম ব্যাটার হিসেবে উইমেন’স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) সেঞ্চুরির কীর্তি গড়লেন ন্যাট সিভার-ব্রান্ট।

চতুর্থ আসরে সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৫৭ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন সিভার-ব্রান্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ইংলিশ অধিনায়কের ইনিংসটি গড়া ১৬ চার ও এক ছক্কায়।

ছেলেদের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের মতো মেয়েদের জন্যও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর ২০২৩ সালে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক হাজার ৫৯ দিন ও ৮২ ম্যাচ পর প্রথম সেঞ্চুরিয়ান পেল ডব্লিউপিএল।

এর আগে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন অনেকেই, কিন্তু পূর্ণতা দিতে পারেননি কেউ। এই আসরেই যেমন স্মৃতি মান্ধানা আউট হয়ে যান ৯৬ রানে, ৯৫ রানে আউট হন সোফি ডিভাইন। 

অবশেষে অপেক্ষা ঘুচল সিভার-ব্রান্টের ব্যাটে। ৩৩ বছর বয়সী এই ব্যাটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও এটিই।

ভাদোদারায় সিভার-ব্রান্ট তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ম্যাচের তৃতীয় ওভারে। ৩২ বলে পঞ্চাশে পা রাখেন তিনি। ৯৯ থেকে শেষ ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ৫৭ বলে। বাকি দুই বলে আর স্ট্রাইক পাননি তিনি। 

২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রানের পুঁজি গড়ে মুম্বাই। পরে বেঙ্গালুরুকে ১৮৪ রানে আটকে রেখে জিতে যায় তারা ১৫ রানে।