২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ভারতের জন্য ‘তিন হুমকি ও বিশেষ একজন’

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের ভোগান্তির কারণ হতে পারেন নিউ জিল্যান্ডের তিন ক্রিকেটার।

ফাইনালে ভারতের জন্য ‘তিন হুমকি ও বিশেষ একজন’
ফাইনালে নায়ক হতে পারেন তাদের যে কেউ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 01:03 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

নিউ জিল্যান্ড ক্রিকেটের এই সময়ের সেনসেশন একজন। আরেকজন বছরের পর বছর ধরে নির্ভরতার প্রতিশব্দ ও সবসময়ের নায়ক। বাকি একজন তো অধিনায়কই। এই তিনজনকেই আলাদা করে দেখছেন রাভি শাস্ত্রি। জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ভারতের সাবেক অলরাউন্ডারের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের ভোগান্তির কারণ হতে পারেন রাচিন রাভিন্দ্রা, কেন উইলিয়ামসন ও মিচেল স্যান্টনার। এর বাইরেও অবশ্য বিশেষভাবে একজনের কথা বললেন তিনি- গ্লেন ফিলিপস। 

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারেননি রাভিন্দ্রা। তার পরও ম্যান অব দা টুর্নামেন্ট হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে তিনিই। আসরের একমাত্র ব্যাটসম্যান হিসেবে করেছেন দুটি সেঞ্চুরি। 

বাংলাদেশের বিপক্ষে রান তাড়ায় মিডল অর্ডারে নেমে ১০৫ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইনিংস ওপেন করে খেলেন ১০১ বলে ১০৮ রানের দারুণ ইনিংস। বল হাতে দুটি উইকেটও তার আছে এই আসরে।

গত ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে করলেন দুটি। বৈশ্বিক ওয়ানডে আসরে স্রেফ ১৩ ম্যাচ খেলেই তার সেঞ্চুরি পাঁচটি। 

আইসিসি রিভিউ-এ শাস্ত্রি বললেন, রাভিন্দ্রার মধ্যে মুগ্ধতার সব উপকরণই মজুদ। 

“যেভাবে সে ক্রিজে বিচরণ করে, দারুণ লাগে আমার। সাবলীল একটা ব্যাপার আছে সেখানে, যা দেখাটা দারুণ। হয় সে সামনে যাবে বা পেছনে খেলবে, কাট করবে, সুইপ করবে… গতিময় বোলারদেরও ভালো সামলায় সে এবং তার টেম্পারামেন্ট দুর্দান্ত।”

“বড় আসরে এত সেঞ্চুরি স্রেফ এমনিই হয়ে যায় না বা কেউ করে ফেলেন না। নিজের ভেতরে সত্যিই কিছু থাকতে হয় এবং আমার মনে হয়, সে তুমুল প্রতিভাবান।”

উইলিয়ামসনকে নিয়ে অবশ্য নতুন করে বলার আছে সামান্যই। অনেক বছর ধরে যে কাজ তিনি করে আসছেন, যেভাবে নিজেকে মেলে ধরছেন, এই টুর্নামেন্টও ব্যতিক্রম নয়। প্রথম দুই ম্যাচে যদিও ব্যর্থ ছিলেন ব্যাট হাতে। তবে পরের ম্যাচে ভারতের বিপক্ষে ৮১ রানের লড়িয়ে ইনিংস খেলেন। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন সেঞ্চুরি। সেদিন ফিফটি করতে তার লাগে ৬১ বল। পরের পঞ্চাশ করেন স্রেফ ৩০ বলেই।

এত বছর ধরে একই রূপে থাকা, দলের প্রয়োজনের সময় ভরসা জোগানো, মনোযোগী ছাত্রের মতো সবকিছু করে যাওয়া, শাস্ত্রি তুলে ধরলেন উইলিয়ামসনের এই দিকগুলো। সমসাময়িক অন্য দুই গ্রেটকেও তিনি টেনে আনলেন এই প্রসঙ্গে। 

“সে বরাবরের মতোই স্থিতিশীল। সুস্থির একটা ব্যাপার আছে তার মধ্যে সবসময়। যেভাবে সে কাজটা করে, সেখানে আলগা ব্যাপার বলে কিছু নেই। সে কোনো সাধুর মতো, একজন ঋষি, বসে বসে ধ্যান করছে যেন। অনেকেই স্রেফ বড় শট দেখে। আমি দেখি, ক্রিজে সে যেভাবে বিচরণ করে। খুবই সাবলীল।”

“জো রুট যখন সেরা ছন্দে থাকে, সামনে যায়, পেছনে আসে খুব সহজে… ভিরাট কোহলিও, তারা যখন ক্রিকেট ভালোভাবে নড়াচড়া করে, তাদের পায়ের কাজ থাকে একদম নিখুঁত। এটা দেখাই দারুণ আনন্দের। এরপর তাদের অভিজ্ঞতা, প্রতিভা, যে পরিমাণ রান তারা করেছে, যে সংস্করণই হোক না কেন… সবকিছুই চলে আসে এখানে।”

অধিনায়ক হিসেবে প্রথম আইসিসি টুর্নামেন্টেই দলকে ফাইনালে তোলায় নেতৃত্ব দিলেন স্যান্টনার। ব্যাটে-বলে কার্যকর অবদান তো আছেই, সঙ্গে নজর কেড়েছেন নেতৃত্বেও। এই অলরাউন্ডার দীর্ঘদিন দায়িত্বে থাকবেন বলে মনে করেন শাস্ত্রি। 

‘সে খুবই বুদ্ধিদীপ্ত। আমার মনে হয়, নেতৃত্ব ব্যাপারটি তাকে খুব মানিয়ে যায়। একজন ব্যাটসম্যান, বোলার এবং একজন ক্রিকেটার হিসেবে অধিনায়কত্ব তাকে সহায়তা করে।”

“আমার মতে, তাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া ছিল নিউ জিল্যান্ডের চৌকস এক পদক্ষেপ। যেভাবে সে কাজটা করে, খেলাটা খুবই ভালোভাবে পড়তে পারে সে, খুবই মেধাবী ছেলে এবং নিউ জিল্যান্ডের নেতৃত্বে লম্বা সময়ই সে থাকবে বলে মনে হয়।” 

তিনজনের বাইরে আরও একজনের কথা আলাদা করেই বললেন শাস্ত্রি। ম্যাচে যেভাবে যে কোনো ভূমিকায় যে কোনো সময় প্রভাব রাখতে পারেন গ্লেন ফিলিপস, তার কথা তো না বললেই নয়। 

“মাঠে এক মুহূর্তের দারুণ কোনো ঝলকে সে খেলাটা বদলে দিতে পারে। ব্যাট হাতে নেমে চোখের পলকে ৪০-৫০ রান করে ফেলতে পারে, প্রয়োজনের সময় একটি-দুটি উইকেট নিয়ে চমকে দিতে পারে।”