২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘তামিমের সঙ্গে কথা বলার সময় এসেছে’, বললেন প্রধান নির্বাচক

এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফেরার পর জাতীয় দলে খেলার ব্যাপারে তামিম ইকবালের সঙ্গে আলোচনার সময় এসে গেছে, মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 06:29 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

জাতীয় দলে তামিম ইকবালের উপস্থিতি নেই প্রায় ১৫ মাস ধরে। মাঝে সাত মাস স্বীকৃত ক্রিকেটেও ছিলেন না অভিজ্ঞ ওপেনার। সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টি দিয়ে খেলায় ফিরেছেন তিনি। ওই টুর্নামেন্টে তার অংশগ্রহণ দেখে বাংলাদেশের হয়েও ফেরার পথ খুলতে শুরু করেছে বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

থমকে থাকা আন্তর্জাতিক ক্যারিয়ার নতুনভাবে শুরুর ব্যাপারে তামিমের দিক থেকে এমনিতে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। তবে তাকে নিয়ে অনেকের কৌতূহল সবসময়ই ছিল। আগের বোর্ড সভাপতি নাজমুল হাসানকে যেমন এই প্রসঙ্গের মুখোমুখি হতে হয়েছে অনেক, বর্তমান সভাপতি ফারুক আহমেদের কাছেও নানা সময়ে ছুটে গেছে প্রশ্ন। 

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে নামার পর তামিমের জাতীয় দলে ফেরার আলোচনা শুরু হয়েছে আবার। বর্তমানে ক্যারিবিয়ান সফরে থাকা বাংলাদেশ দলের পরের টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মূলত বৈশ্বিক ওই আসরকে ঘিরেই তামিমের ফেরা নিয়ে আলোচনা।  

তবে সাত মাস পর তামিমের মাঠে ফেরার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন গাজী আশরাফ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকলে দলের জন্য খুব ভালো হবে সেটি।

“তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি অ্যাভেইলঅ্যাবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ।”

গত বছরের সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে খেলার পর থেকে জাতীয় দল থেকে দূরে তামিম। মূলত এর আগে জুলাই থেকে থেমে আছে জাতীয় দলে তার অধ্যায়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথেই তিনি ঘোষণা দিয়েছিলেন অবসরের।

পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসনার সঙ্গে আলাপের পর অবসরের সিদ্ধান্ত থেকে পরদিনই সরে আসেন তামিম। তবে বলা যায়, তখন থেকে ওই সিদ্ধান্তই বহাল আছে। সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে দুই ম্যাচ খেললেও জাতীয় দলে ফেরার আগ্রহ কখনও সেভাবে দেখাননি তিনি। গত বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর প্রায় সাত মাস মাঠেই দেখা যায়নি তাকে।

আরেকটি বিপিএলের আগে এবার এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন তিনি। চট্টগ্রামের হয়ে চার ম্যাচে দুই ফিফটিসহ দেড়শর বেশি স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৯০ রান। এই টুর্নামেন্টে আর দেখা যাবে না তাকে। এরপর বিপিএলে খেলবেন আবার ফরচুন বরিশালের হয়ে।

জাতীয় দলের সাবেক অধিনায়কের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই দৃষ্টিগোচর হয়েছে প্রধান নির্বাচকের। এই টুর্নামেন্ট দিয়ে তামিমের মাঠে ফেরাকে জাতীয় দলে ফেরার জন্যও বড় একটি ধাপ মনে করেন গাজী আশরাফ। 

“তামিমের বিষয়টা অনেক দিন ধরে... কেউ যদি আসলে (দল থেকে) নিজেকে সরিয়ে রাখে... আপনারা জানেন আগে ভিন্ন একটা বোর্ড ছিল, মতপার্থক্য ছিল, অনেক বিষয় ছিল।” 

“এই নতুন বোর্ডের অধীনে একটা আশার আলো তো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেট মাঠে ফেরত এসেছেন। একটা আশা নিয়ে যে বড় টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমরা নিশ্চয়ই তার সঙ্গে আলাপ করার পর্যায়ে চলে গেছি। এখন বোর্ড ও নির্বাচকদের সমন্বিতভাবে বসে আলাপ করাটা, এটার (তামিমের ফেরা) একটা পথ সুগম করবে।”

আশার আলো দেখতে থাকা গাজী আশরাফের কাছে জিজ্ঞেস করা হয়, সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে কতটা আশা করছেন তিনি। এটির সরাসরি উত্তর দেননি প্রধান নির্বাচক। তবে তামিমের জন্য কিছু বার্তাও দিয়ে রাখলেন তিনি। 

“তামিমকে আরও শানিত হতে হবে। ফিটনেস আরও উন্নতি করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে... একটা ক্রিকেটার যখন এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয়, প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।”