বাশিরকে নিয়ে ইংল্যান্ডের ১২ সদস্যের দল
সিডনির কন্ডিশন বুঝে শেষ মুহূর্তে একাদশ গড়তে চায় সফরকারীরা, তাতে শেষটাতেও এই স্পিনারের খেলা নাও হতে পারে।
মেলবোর্নে আগের টেস্টে কেটেছে দীর্ঘ ১৫ বছরের খরা। এবার অ্যাশেজের শেষটা জয়ে রাঙানোর চ্যালেঞ্জ। সিডনিতে কঠিন সেই লক্ষ্যে নামার দুই দিন আগে অফ-স্পিনার শোয়েব বাশিরকে নিয়ে ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
চলতি সিরিজের প্রথম চার টেস্টের কোনোটিতেই খেলার সুযোগ হয়নি বাশিরের, যদিও দলের প্রথম পছন্দের স্পিনার হিসেবেই সিরিজ শুরু করেন তিনি।
পার্থের প্রথম টেস্টের ১২ সদস্যের দলে ছিলেন বাশির; কিন্তু একাদশে আর ঢুকতে পারেননি তিনি। পরের ম্যাচগুলোতেও বাইরে বসেই কাটাতে হয় তাকে। খেলানো হয় স্পিনিং অলরাউন্ডার উইক জ্যাকসকে।
প্রথম তিন টেস্ট জিতেই ট্রফি ধরে রাখা নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এরপর গত ম্যাচে মেলবোর্নে জিতে অস্ট্রেলিয়ার মাটিতে ১৫ বছরের টেস্ট জিততে না পারার হতাশা কাটায় ইংলিশরা।
সিডনিতে আগামী রোববার শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট। ম্যাচটির জন্য শুক্রবার ঘোষিত ১২ সদস্যের দলে পেসার ম্যাথু পটসকেও রেখেছে ইংল্যান্ড।
আরেক পেসার গাস অ্যাটকিনসন হ্যামস্ট্রিংয়ে চোটে ছিটকে পড়ায়, আগের ম্যাচের ইংল্যান্ড একাদশ থেকে একটি পরিবর্তন নিশ্চিত।
কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস যুগে কোনো টেস্টের দুই দিন আগেই সাধারণত একাদশ ঘোষণা করে দেয় ইংল্যান্ড। তবে এবার তারা সিডনির কন্ডিশন বুঝে শেষ মুহূর্তে পরিবর্তনটি আনতে চান।
তাই আবারও বাশিরকে ছাড়াই মাঠে নামতে দেখা যেতে পারে ইংল্যান্ড দলকে।
ডানহাতি বোলার পটস তার ১০ টেস্টের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন গত বছর ডিসেম্বর, নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর প্রথমবার অ্যাশেজে খেলার হাতছানি তার সামনে।
বাশির তার ১৯ টেস্টের শেষ ম্যাচটি খেলেছেন গত জুলাইয়ে, ভারতের বিপক্ষে।
ইংল্যান্ডের ১২ সদস্যের দল: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, ব্রেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টং।
