বৃষ্টিতে ভেসে গেল রকিবুলদের ম্যাচের তৃতীয় দিন
মিরপুরে দ্বিতীয় চার দিনের ম্যাচের তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
সকালে নামা বৃষ্টি ঝরতে থাকল দিনজুড়ে। মাঝে কয়েক দফায় অল্প কিছুক্ষণের জন্য বন্ধ হলেও তা খেলা শুরুর জন্য যথেষ্ট ছিল না। ভেস্তে গেল খেলা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের তৃতীয় দিনে বৃহস্পতিবার একটি বলও হতে পারেনি।
সারা দিন ধরে দীর্ঘ অপেক্ষার পর চা বিরতির এক ঘণ্টা পর আম্পায়াররা দিনের খেলা সমাপ্তির সিদ্ধান্ত জানান।
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা থাকলেও খেলার আশায় সকালেই মাঠে চলে আসে দুই দল। কিন্তু সারা দিন ড্রেসিং রুমে অলস সময়ই কাটাতে হয় তাদের।
ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ৩৭১ রানের জবাবে ৬ উইকেটে ১৫২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। এখন শেষ দিনে ফলো-অন এড়ানোর লড়াইয়ে নামবে তারা।
তবে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসেও আছে বৃষ্টির শঙ্কা। তাই প্রথম ম্যাচের মতো এটিও ড্র সম্ভাবনাই বেশি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইমার্জিং ১ম ইনিংস: ১২১.৪ ওভারে ৩৭১
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ১ম ইনিংস: ৪২.৩ ওভারে ১৫২/৬ (মানাক ৫৪, প্রিন্স ১৭, পিল্লে ২৯, সেলেতসোয়ানে ১৯, মারাইস ৫, মোগাকানে ২০, এস্তেহেইজেন ৬*, ফন হিয়ার্ডিন ০*; রিপন ১০.৩-১-৩৫-২, মেহেদি ৮-৩-১৬-১, রকিবুল ১৩-১-৬৩-২, নাঈম ১১-১-৩৮-১)
