Published : 20 Jun 2026, 06:28 PM
রেকর্ড ও অর্জনের সমৃদ্ধ ঝলমলে এক ক্যারিয়ার। নারী ক্রিকেটে অনেক ‘প্রথম কিছুর’ জন্ম হয়েছে এলিস পেরির হাত ধরে। এবার এমন এক কীর্তি গড়লেন তিনি, নারী ক্রিকেট তো বটেই, পুরুষ ক্রিকেটেও যেটির নজির আর নেই। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলার হাফসেঞ্চুরি পূরণ করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
সাউথ্যাম্পটনে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অসাধারণ এই মাইলফলক অর্জন করেন পেরি।
সেই ২০০৯ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ পান পেরি। সেই আসরও ছিল ইংল্যান্ডে। সেই টুর্নামেন্ট থেকে শুরু করে এবার নিয়ে টানা দশমবার এই সংস্করণের বিশ্বকাপ খেলছেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার।
প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়ে পেরি নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না।
“বিশ্বকাপের অংশ হওয়া, অস্ট্রেলিয়ান দলের অংশ হওয়াটা সবসময়ই অসাধারণ এক অনুভূতি। সবসময়ই স্পেশাল এক দল এটি।”
“একটা লম্বা সময় ধরে এটা করতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই যাত্রাপথে এবং প্রতিটি আসরে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, সবকটিই ছিল স্বতন্ত্র ও ভিন্ন। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ৫০টি বিশ্বকাপ খেলে ফেলেছি…!”
এই রেকর্ডে সহসাই তাকে ছাড়িয়ে যাওয়ার মতো কেউ নেই। ৪৩ ম্যাচ নিয়ে আপাতত দুই আছেন যিনি, সেই সুজি বেটস অবসরে যাবেন এবারের আসর শেষেই। ৪২ ম্যাচ খেলে তিন থাকা অ্যালিসা হিলিও বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর খেলেছেন ৪১ ম্যাচ।
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলেছেন রোহিত শার্মা। এই সংখ্যায় আর কিছু যোগ হবে না। ২০২৪ বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা থামিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এছাড়া জস বাটলার ও সাকিব হাসান খেলেছেন ৪৩টি করে ম্যাচ, ডেভিড ওয়ার্নার ৪০টি।
ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপে কোনো ছেলে ও মেয়েদের ক্রিকেটে পঞ্চাশ পর্যন্ত যেতে পারেননি এখনও একজনও।
সর্বোচ্চ ৪৫ ম্যাচ খেলেছেন ডেবি হকলি। নিউ জিল্যান্ডের সাবেক অলরাউন্ডার প্রথম বিশ্বকাপ খেলেছেন ১৯৮২ আসরে, শেষটি ২০০০ সালে।
এছাড়া ৩৮ ম্যাচ খেলেছেন ভারতীয় কিংবদন্তি মিতালি রাজ, ৩৬ ম্যাচ জেনেট ব্রিটিন।
ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে ৪৬ ম্যাচ খেলে এখনও শীর্ষে রিকি পন্টিং। একটি ম্যাচ কম খেলেছেন আরেক কিংবদন্তি সাচিন টেন্ডুলকার। দুই শ্রীলঙ্কান মাহেলা জায়াওয়ার্দেনে ও মুত্তাইয়া মুরালিদারানের ম্যাচ ৪০টি করে।
মাইলফলকের ম্যাচটিতে অশ্য ব্যাট হাতে রাঙাতে পারেননি পেরি। অস্ট্রেলিয়া ২০ ওাভারে ২১৯ রান তুললেও তিনি আউট হন ৩ বলে ১ রান করে।