ভারতে বাংলাদেশ দলের জন্য বিশ্বাস্যযোগ্য কোনো হুমকি দেখছে না আইসিসি
বাংলাদেশের দাবি মেনে ভেন্যু সরালে আইসিসি ইভেন্টগুলোর মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে এবং বৈশ্বিক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।
স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন বিবেচনা করে ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের ক্রিকেটার, সংবাদকর্মী, কর্মকর্তা ও সমর্থকদের কোনো ঝুঁকি বা হুমকি দেখছে না আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলির ভেন্যু বা সূচিতে পরিবর্তন আসছে না বলে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
আইসিসি বোর্ডের অনলাইন সভা শেষ বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি সূচি অনুযায়ী ভারতেই হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুর্নামেন্টের এত কাছাকাছি এসে এরকম পরিবর্তন বাস্তবসম্মত নয়, পাশাপাশি আইসিসি বোর্ড মনে করে গ্রহণযোগ্য কোনো নিরাপত্তা হুমকি ছাড়া এই ধরনের পরিস্থিতিতে সূচিতে পরিবর্তন আনা হলে এমন এক দৃষ্টান্ত স্থাপন হতে পারে, যা ভবিষ্যৎ আইসিসি ইভেন্টগুলোর মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করবে এবং বৈশ্বিক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।
সমস্যা সমাধানে বিসিবির সঙ্গে আইসিসি দফায় দফায় বৈঠক ও আলোচনা করেছে এবং স্তরবিশিষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানসহ বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা ভাগাভাগি করেছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
আইসিসির এক মুখপাত্রের কথায় ফুঠে উঠল, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কথাই বারবার তুলে ধরেছে বিসিবি।
“গত কয়েক সপ্তাহ ধরে বিসিবির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনায় যুক্ত ছিল আইসিসি, যেটির পরিষ্কার উদ্দেশ্য ছিল টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা। এই সময়ে আইসিসি স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাসসহ বিস্তারিত তথ্য ভাগাভাগি করেছে। এসব মূল্যায়নের প্রতিটিতেই ধারাবাহিকভাবে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।”
“এই প্রচেষ্টাগুলোর পরও বিসিবি তাদের অবস্থান বজায় রেখেছে এবং বারবার টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টিকে তাদের এক ক্রিকেটারের একটি ঘরোয়া লিগে অংশগ্রহণসংক্রান্ত একটি একক, বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে যুক্ত করেছে। এই বিষয়টির সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামো বা আইসিসি মেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের শর্তাবলির কোনো সম্পর্ক নেই।”
আইসিসির ওই মুখপাত্র বলেন, বাংলাদেশের দাবি মেনে ভেন্যু পরিবর্তন করলে ভবিষ্যতের জন্য খুব ভালো দৃষ্টান্ত হবে না।
“আইসিসির ভেন্যু ও সূচি সংক্রান্ত সিদ্ধান্তগুলো নিরপেক্ষ হুমকি মূল্যায়ন, আয়োজক দেশের নিশ্চয়তা এবং টুর্নামেন্টের সম্মত হওয়া অংশগ্রহণ শর্তের ভিত্তিতে নেওয়া হয়, যা ২০টি অংশগ্রহণকারী দেশের সবার জন্যই সমভাবে প্রযোজ্য। বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে, এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে এবং একই সঙ্গে এমন নজিরগত চ্যালেঞ্জ সৃষ্টি করবে, যা আইসিসির শাসনব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করবে।
“সদিচ্ছার সঙ্গে কাজ করতে, অভিন্ন মানদণ্ড বজায় রাখতে এবং বৈশ্বিক ক্রিকেটের সামগ্রিক স্বার্থ সুরক্ষায় আইসিসি প্রতিশ্রুতিবদ্ধ।”
