Published : 19 Mar 2026, 10:45 AM
বয়স পেরিয়ে গেছে ৩৫। পারফরম্যান্সেও দেখা যাচ্ছে ভাটার টান। নিজের করণীয় তাই বুঝে নিয়েছেন ইউজভেন্দ্রা চেহেল। আইপিএল ইতিহাসের সফলতম বোলার মাঠে আরও সক্রিয় ও কার্যকর থাকতে চান এবং নিজেকে উপস্থাপন করতে চান উদাহরণ হিসেবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ছয় মাসের বেশি সময় ধরে অ্যালকোহলের সঙ্গে আড়ি চলছে তার, জানালেন ভারতের এই লেগ স্পিনার।
ভারতের সীমিত ওভারের দলে একসময় নিয়মিত মুখ ছিলেন চেহেল। দেশের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে ২০২৩ সালের অগাস্টের পর জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরির পথে থাকলেও আটকে গেছেন ৯৬ উইকেটে। পরে ১০০ উইকেট পেরিয়ে গেছেন আর্শদিপ সিং, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।
আইপিএলে অবশ্য এখনও তিনি বড় নাম। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে তার শিকার ২২১ উইকেট, আর কোনো বোলার ২০০ ছুঁতে পারেননি। গত মৌসুমে ১৬ উইকেট নিয়ে অবদান রাখেন পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলায়। তবে ওভারপ্রতি রান দেন ৯.৫৫ করে। সার্বিক পারফরম্যান্স ছিল কিছুটা অধারাবাহিক। গত সাত মৌসুমের মধ্যে সবচেয়ে কম সফল মৌসুম ছিল গতবার।
ব্যক্তিগত জীবনেও বেশ ঝড়ঝাপ্টার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। দীর্ঘদিন ধরে নানা ধরনের গুঞ্জন ও বিতর্কের পর স্ত্রী ধানাশ্রি ভার্মার সঙ্গে তার বিচ্ছেদ হয় গত বছর। সব মিলিয়ে অনেক কিছুর ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে।
তবে আইপিএলের নতুন মৌসুমের আগে চেহেল বললেন, পাঞ্জাব কিংসের হয়ে নিজেকে নতুনভাবে মেলে ধরতে তিনি প্রস্তুত।
“এই বছর আমার মন আমাকে বলেছে যে, সবকিছুর আগে নিজের শরীরের যত্ন নেব। আমার দিক থেকে একটি সুখবর আছে আপনাদের জন্য, আমি মদ্যপান করা ছেড়ে দিয়েছি। ছয় মাসেরও বেশি হয়ে গেছে।”
“আমার বয়স এখন ৩৫। আমি আরও সক্রিয় হতে চাই এবং দলের জন্য নিজের দেড়শ ভাগ দিতে চাই। একজন সিনিয়র বোলার হিসেবে যদি আইপিএলে যাই, আমি চাই লোকে আমাকে দেখে ভাবুক, ‘তার কাছ থেকে আমাদের কিছু শিখতে হবে।’ আমি নিজেকে এভাবেই উপস্থাপন করতে চাই।”
এবারের আইপিএল শুরু আগামী ২৮ মার্চ, চেহেলদের প্রথম ম্যাচ ৩১ মার্চ গুজরাট টাইটান্সের সঙ্গে।