২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘২ বছর আগের একটি ডেলিভারির জন্য এখনও ভারত দলে হার্শিত’

হার্শিতকে বারবার সুযোগ দেওয়ার পেছনে ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভিরের প্রভাব থাকার দিকে ইঙ্গিত দিচ্ছেন অনেকে।

‘২ বছর আগের একটি ডেলিভারির জন্য এখনও ভারত দলে হার্শিত’
হার্শিত রানা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারের সিরিজের দলে হার্শিত রানাকে দেখে বিস্মিত রাভিচান্দ্রান অশ্বিন। এই পেসারকে দলে রাখার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না তিনি। দল নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তুলে ভারতের স্পিনিং গ্রেট মন্তব্য করেন, দুই বছর আগে আইপিএলে করা একটি ডেলিভারির কারণেই হয়তো এখনও সুযোগ পাচ্ছে হার্শিত।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় তিন ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। দুই সংস্করণের সিরিজের স্কোয়াডেই হার্শিতকে রেখেছে দলটি, যা নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা-সমালোচনা।

ভারতের হয়ে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলে ৪ উইকেট নিয়েছেন হার্শিত। দেশের জার্সিতে সবশেষ মাঠে নামেন তিনি গত সেপ্টেম্বরে, টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে। ওই ম্যাচে দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন তিনি, ৪ ওভারে দেন ৫৪ রান, উইকেট নিতে পারেন একটি।

টি-টোয়েন্টিতে তিন ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করে ৫ উইকেট নিয়েছেন হার্শিত, ওভারপ্রতি রান দিয়েছেন ১০-এর বেশি। পাঁচ ওয়ানডে খেলে তার শিকার ১০টি। 

এমন পারফরম্যান্সের পরও হার্শিতকে সুযোগ দেওয়ায় ভারতীয় ক্রিকেটে উঠছে নানা প্রশ্ন। তাকে দলে রাখার পেছনে অনেকে দলের প্রধান কোচ গৌতাম গাম্ভিরের প্রভাব থাকার দিকে ইঙ্গিত করছেন। 

২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন হার্শিত। সেই দলের কোচ ছিলেন গাম্ভির। হার্শিতের দলে থাকার ক্ষেত্রে অতীতের সেই সম্পর্কের প্রভাব পড়ার কথাও শোনা যাচ্ছে।

সরাসরি ওই দিকে অবশ্য ইশারা করেননি অশ্বিন। নিজের ইউটিউব চ্যালেন ‘অ্যাশ কি বাত’ এ সাবেক এই স্পিনার বলেছেন, দুই বছর আগের আইপিএল ফাইনালে হার্শিতের একটি ডেলিভারির কথা। ডানহাতি এই পেসারের ১৪৬ কিমির গতির ডেলিভারিতে কট বিহাইন্ড হয়েছিলেন নিতিশ কুমার রেড্ডি।

“তারা তাকে কেন দলে নিচ্ছে, আমি নিশ্চিত নই। তাকে দলে রাখার কারণ জানতে দল নির্বাচনের সফায় উপস্থিত থাকতে পারলে খুব ভালো হতো। আমি যেটা কারণ হিসেবে দেখি-অস্ট্রেলিয়ায় আমাদের ওইরকম একজন ফাস্ট বোলার দরকার যে ব্যাটিং করতে পারে। নির্বাচকদের কেউ মনে হয় বিশ্বাস করে যে, সে ব্যাটিং পারে, এই কারণে তাকে আট নম্বর পজিশনের জন্য সম্ভাব্য একজন হিসেবে নিয়েছে। তবে তার ব্যাটিং সামর্থ্য সম্পর্কে আমি নিশ্চিত নই।”

“দুই বছর আগে আইপিএলে সে দুর্দান্ত একটি গতিময় ডেলিভারি করেছিল, যেটা (নিতিশ কুমার রেড্ডির) ব্যাটের লেগে কিপারের গ্লাভসে জমা পড়েছিল। ওই একটি ডেলিভারির জন্য সে অনেকদিন ধরে খেলছে।”

অস্ট্রেলিয়া-ভারতের ওয়ানডে সিরিজ শুরু আগামী ১৯ অক্টোবর। পরের দুটি ২৩ ও ২৫ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর। শেষ তিনটি হবে ২, ৬ ও ৮ নভেম্বর।