বছর ঘুরতেই আবার ইংল্যান্ডে যাবে ভারত
২০২৬ সালে ইংল্যান্ড সফরে আটটি সাদা বলের ম্যাচ খেলবে ভারত
ইংল্যান্ডের মাটিতে বর্তমানে টেস্ট সিরিজ খেলা ভারতীয় দল পরের বছর আবারও সফর করবে দেশটি। সেই সফরে ইংলিশদের বিপক্ষে আটটি সাদা বলের ম্যাচ খেলবে উপমহাদেশের দলটি।
২০২৬ সালের ঘরের মাঠে আন্তর্জাতিক মৌসুমের সূচি বৃহস্পতিবার ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২৬ সালের জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ইংলিশ গ্রীষ্ম। লর্ডসে দুই দলের প্রথম টেস্ট শুরু ৪ জুন। এরপর ওভাল ও ট্রেন্ট ব্রিজে হবে বাকি দুই ম্যাচ।
জুলাইয়ের ১ তারিখ থেকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৪, ৭, ৯ ও ১১ জুলাই। এরপর ওয়ানডে তিনটিতে ১৪, ১৬ ও ১৯ জুলাই লড়বে দুই দল।
ভারতের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজের পর আবার সাদা পোশাকের লড়াইয়ে ফিরবে ইংলিশরা। এবার তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অগাস্ট-সেপ্টেম্বরে এশিয়ার দলটির বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা।
এরপর সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
আগামী মে মাসে ইংল্যান্ডের মেয়েরা লড়বে নিউ জিল্যান্ডের বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এরপর মে-জুনে তিনটি টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। জুন-জুলাইয়ে ঘরের মাঠের উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা তাদের জন্য হবে আদর্শ প্রস্তুতি।
বিশ্বকাপের পর জুলাইয়ে স্মৃতি মান্ধানাদের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড নারী দল। সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।
