১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩০ বছর বয়সে ‘স্বপ্নের ঠিকানায়’ রাই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা নিউ জিল্যান্ডের এই পেসার।

৩০ বছর বয়সে ‘স্বপ্নের ঠিকানায়’ রাই
ঘরের ক্রিকেটে মিচেল রাইয়ের বোলিং করা মুহুরত। ছবি: ক্যান্টারবুরি ক্রিকেট ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 08:05 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

ম্যাট হেনরি ও ন্যাথান স্মিথের চোটে কপাল খুলেছে মাইকেল রাইয়ের। ৩০ বছর বয়সে এসে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের স্কোয়াডে তাকে নিয়েছে নিউ জিল্যান্ড। 

ক্রাইস্টচার্চে ড্র হওয়া প্রথম টেস্টে চোট পান পেসার হেনরি ও পেস বোলিং অলরাউন্ডার স্মিথ। দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের বেশি বোলিং করতে পারেননি অভিজ্ঞ হেনরি। আর ওই ইনিংসে কোনো বোলিংই করেননি স্মিথ।

তাদের অনুপস্থিতি নিউ জিল্যান্ডের বোলিং আক্রমণে বড় প্রভাব ফেলে। ৫৩১ রানের লক্ষ্য তাড়ায় ৭২ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ শেই হোপের সেঞ্চুরি ও জাস্টিন গ্রেভসের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ম্যাচ বাঁচিয়ে ফেলে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবশ্য এখনও ছিটকে যাননি হেনরি ও স্মিথ। তবে পরের ম্যাচে তাদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

শেষ পর্যন্ত তারা খেলতে না পারলে, অভিষেকও হয়ে যেতে পারে রাইয়ের। প্রথম ম্যাচের জন্য তার সঙ্গে রিজার্ভ ফাস্ট বোলার হিসেবে থাকা ব্লেয়ার টিকনারও একাদশে পেতে পারেন সুযোগ।

৬ ফুট ৬ ইঞ্চি লম্বা রাই প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৯ ম্যাচ খেলে ২০৫ উইকেট নিয়েছেন। তিনবার ইনিংসে পেয়েছেন পাঁচ উইকেটের স্বাদ। এই সংস্করণে তার সেরা বোলিং ৩১ রান খরচায় ৬ উইকেট।

নিউ জিল্যান্ডের বাইরেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন রাই। কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে পাঁচ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন তিনি ৩০.২৮ গড়ে।

হ্যামস্ট্রিং চোটে আসছে ম্যাচ থেকে টম ব্লান্ডেল ছিটকে যাওয়ায় টেস্ট অভিষেকের দুয়ারে মিচেল হে। একাদশে জায়গা পেলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেন ৭টি ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

কুঁচকির সমস্যা থেকে এখনও পুরোপুরি সেরে না উঠলেও, ব্লান্ডেলের চোটে হ্যাগলি ওভালে বদলি হিসেবে ফিল্ডিং করেন ড্যারিল মিচেল। আর কুঁচকির চোটেই গত ম্যাচে খেলতে পারেননি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

বেসিন রিজার্ভে আগামী বুধবার শুরু দ্বিতীয় টেস্ট।