২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সফরের আগে স্মিথের চোট

দলের তারকা ব্যাটসম্যান ও লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়ককে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 04:48 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

বিগ ব্যাশের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন স্টিভেন স্মিথ। শ্রীলঙ্কা সফরে তারকা ব্যাটসম্যানকে নিয়ে তাই জেগেছে শঙ্কা। তবে আসছে এই টেস্ট সিরিজের অধিনায়ককে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া।

গত শুক্রবার বৃষ্টিতে ভেসে যাওয়া সিডনি ডার্বির ম্যাচে কনুইয়ে চোট পান স্মিথ। ফলে দলের সঙ্গে দুবাইয়ের অনুশীলন ক্যাম্পে এখনই যোগ দিতে পারছেন না তিনি। অপেক্ষায় আছেন বিশেষজ্ঞের পরামর্শের। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিবৃতিতে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে দেশ ছাড়তে পারেন স্মিথ। 

কনুইয়ের সমস্যার পুরোনো ইতিহাস আছে স্মিথের। ২০১৯ সালে একবার অস্ত্রোপচারও করাতে হয় তার। এবার পেলেন নতুন করে চোট।

শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্বে দেওয়ার কথা স্মিথের। পিতৃত্বকালীন ছুটিতে আছেন দলটির নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। শেষ পর্যন্ত স্মিথ ছিটকে গেলে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব করার পথ খুলে যেতে পারে ট্রাভিস হেডের।

গত সপ্তাহে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ব্রিজবেন হিটের হয়ে খেলার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান ম্যাথু কুনেমান। বাঁহাতি স্পিনারের আঙুলে অস্ত্রোপচার করাতে হয়েছে। তবে এই সফরে তাকে পেতেও আশাবাদী অস্ট্রেলিয়া।