২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ বছর পর রোহিতের ‘গোল্ডেন ডাক’, কোহলির ৬ ম্যাচে ৫৮৪ রান

৫০ ওভারের ক্রিকেটে অবিশ্বাস্য ধারাবাহিকতায় টানা ছয় ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন কোহলি।

১৩ বছর পর রোহিতের ‘গোল্ডেন ডাক’, কোহলির ৬ ম্যাচে ৫৮৪ রান
রোহিত শার্মা (বাঁয়ে) ও ভিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 07:45 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ম্যাচের প্রথম ওভারে পেসার দেভেন্দ্রা সিংয়ের শর্ট ডেলিভারি পুল করলেন রোহিত শার্মা। বাউন্ডারিতে দুইবারের চেষ্টায় বল মুঠোয় জমালেন ফিল্ডার জাগমোহন নাগরকোটি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবার আউট প্রথম বলে। রোহিতের ব্যর্থতার দিনে আরেকটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন ভারতের আরেক তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলি।

ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতে শুক্রবার জয়পুরে মুম্বাইয়ের হয়ে উত্তরাখান্ডের বিপক্ষে শূন্য রানে ফেরার তেতো অভিজ্ঞতা হয় রোহিতের।

১৩ বছরের বেশি সময় পর লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি আউট হলেন প্রথম বলে, ক্রিকেটের পরিভাষায় যাকে বলা হয় ‘গোল্ডেন ডাক।’

সবশেষ তার এমন অভিজ্ঞতা হয়েছিল ২০১২ সালের জুলাইয়ে, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাঁচ নম্বরে নেমে প্রথম বলে আউট হয়েছিলেন তিনি।    

আট বছর পর এবার ভিজায় হাজারে ট্রফিতে খেলছেন ৩৮ বছর বয়সী রোহিত। চলতি আসরের উদ্বোধনী দিন গত বুধবার সিকিমের বিপক্ষে ৯ ছক্কা ও ১৮ চারে ৯৪ বলে ১৫৫ রানের ম্যাচ জয়ী বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার নবম দেড়শ ছোঁয়া ইনিংস সেটি, যা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবশেষ সাত ইনিংসের পাঁচটিতেই পঞ্চাশ পেরিয়েছেন রোহিত; যেখানে সেঞ্চুরি দুটি, ফিফটি তিনটি।

কোহলি এবার ভিজায় হাজারে ট্রফিতে খেলছেন দেড় দশক পর। ফেরার ম্যাচে গত বুধবার আন্ধ্রার বিপক্ষে ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেন দিল্লির ব্যাটসম্যান। ছন্দ ধরে রেখে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে শুক্রবার গুজরাটের বিপক্ষেও সেঞ্চুরির সম্ভাবনা জাগান তিনি। কিন্তু ৭৭ রান করে স্টাম্পড হন ৩৭ বছর বয়সী তারকা। তার ৬১ বলের ইনিংসটি গড়া ১৩ চার ও এক ছক্কায়।

অধিনায়ক রিশাভ পান্ত ৮ চার ও ২ ছক্কায় করেন ৭৯ বলে ৭০ রান। ২৫৪ রানের পুঁজি নিয়ে ৭ রানের জয় পায় দিল্লি। সেঞ্চুরির পর দুটি ক্যাচ নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান কোহলি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি কোহলির টানা ষষ্ঠ পঞ্চাশ ছোঁয়া ইনিংস। যেখানে সেঞ্চুরি ও ফিফটি সমান তিনটি করে। আর এই ৬ ম্যাচে তার মোট রান ৫৮৪।

রোহিতের মতো কোহলিও ভারতের হয়ে এখন শুধু ওয়ানডেতেই খেলেন। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সাত মাস পর ভারতের হয়ে খেলতে নেমে, প্রথম দুই ম্যাচে তিনি আউট হন শূন্য রানে। তৃতীয় ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। তারপর থেকেই তার ব্যাটে রানের জোয়ার বইছে।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেন তিনি প্রথম দুই ম্যাচে। তৃতীয় ম্যাচে খেলেন অপরাজিত ৬৫ রানের ইনিংস। এবার ভিজায় হাজারে ট্রফিতে দুই ম্যাচে ১৩১ ও ৭৭।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত ও কোহলি খেলতে পারবেন কি না, তা নিয়ে ভারতীয় ক্রিকেটে প্রবল আলোচনা চলছে কয়েক মাস ধরেই। আপাতত বাইশ গজে নিজেদের কাজটা ভালোমতোই করে যাচ্ছেন তারা।

ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ আগামী ১১ জানুয়ারি থেকে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে। তার আগে ভিজায় হাজারে ট্রফিতে রোহিত ও কোহলি আর কোনো ম্যাচ খেলবেন কি-না, তা এখনও নিশ্চিত নয়।