২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেটোরিকে ছাড়িয়ে চূড়ায় সাকিব

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 02:33 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

বল হাতে সাম্প্রতিক সময়টা খুব ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। অনেকটাই ধারহীন মনে হচ্ছিল তাকে। তবে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে দারুণভাবে ছন্দ ফিরলেন তিনি। এই পরিক্রমায় অসাধারণ এক অর্জনও ধরা দিল তার। বাংলাদেশের এই অলরাউন্ডার এখন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সেরা বাঁহাতি স্পিনার।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিন রোববার ড্যানিয়েল ভেটোরিকে ছাড়িয়ে নিজেকে সবার ওপরে নিয়ে যান সাকিব।

তিন সংস্করণ মিলিয়ে ৭০৫ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন ভেটোরি। সাকিব রাওয়াপিন্ডি টেস্ট শুরু করেন ৭০৩ উইকেট নিয়ে। প্রথম ইনিংসে ২৭ ওভারে ১০০ রান দিয়ে তার প্রাপ্তি ছিল কবল একটি উইকেট।

শেষ দিনে সেই সাকিবই ভিন্ন চেহারায়। পাকিস্তানের রান মেশিন হয়ে ওঠা সাউদ শাকিলকে শূন্য রানে থামিয়ে ভেটোরিকে স্পর্শ করেন তিনি। পরে আব্দুল্লাহ শাফিকের উইকেট নিয়ে বাংলাদেশের কিংবদন্তি ছাড়িয়ে যান নিউ জিল্যান্ডের গ্রেটকে।

পরে নাসিম শাহর উইকেট নিয়ে নিজেকে তুলে নেন আরেকটু উচ্চতায়।

৪৯৮ ইনিংস বোলিং করে ৭০৫ উইকেট ছিল ভেটোরির। সাকিব তাকে ছাড়িয়ে গেলেন ৪৮২ ইনিংসে। 

টেস্টে সাকিবের উইকেট ২৪১টি, ওয়ানডেতে ৩১৭টি আর টি-টোয়েন্টিতে ১৪৯টি। 

বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব ও ভেটোরি ছাড়া ৬০০ উইকেটও নেই আর কারও। ৫৬৮ উইকেট নিয়ে তিনে রবীন্দ্র জাদেজা, ৫২৫ উইকেট নিয়ে চারে রাঙ্গানা হেরাথ।  পাঁচে থাকা সানাৎ জায়াসুরিয়ার উইকেট ৪৪০টি। 

পেস-স্পিন মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সাকিব আছেন এখন তিনে। ৯১৬ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ওয়াসিম আকরাম। ৭৬১ উইকেট নিয়ে সাকিবের ওপরে আছে চামিন্দা ভাস।