Published : 20 Feb 2026, 05:35 PM
পুঁজি মোটে ১১০ রানের। কিন্তু মন্থর ও টার্নিং উইকেটে সেই রানই হয় উঠল পাহাড়সম। পাকিস্তান মুখ থুবড়ে পড়ল অর্ধেক পথ পেরিয়েই। ফাহিমা খাতুনের অলরাউন্ড পাররফরম্যান্সের সঙ্গে স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে বড় জয়ে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।
উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তান ‘এ’ দলকে ৫৪ রানে উড়িয়ে শিরোপার মঞ্চে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল।
ব্যাংককে শুক্রবার ১১০ রান নিয়ে বাংলাদেশ ‘এ’ ৫৬ রানে গুটিয়ে দেয় পাকিস্তান ‘এ’ দলকে।
ভীষণ ব্যাটিং দুরূহ উইকেটে ব্যাট হাতে ৪০ রানের অপরাজিত ইনিংসের পর লেগ স্পিনে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা অধিনায়ক ফাহিমা খাতুন।
গত আসরেও পাকিস্তানকে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেখানে হেরে গিয়েছিল তারা ভারতের কাছে। এবারও ফাইনালে প্রতিপক্ষ ভারত।
ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় চতুর্থ ওভারে। অভিজ্ঞ শামীমা সুলতানা আউট হন ১৩ বলে ১৩ রান করে।
আরেক ওপেনার ইশমা তানজিম ১২ রান করতে বল খেলেন ২৩টি। তিনে নেমে শারমিন সুলতানা ২০ বলে করেন ১৫।
১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৪৪।
ইনিংসের বাকিটা শুধুই ফাহিমার গল্প। একপ্রান্ত থেকে তিনি এগিয়ে নেন দলকে। অন্য প্রান্তে তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষ ছয় ব্যাটারের কেউ দু অঙ্ক ছুতে পারেননি।
ফাহিমা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫ চারে ৩২ বলে ৪০ রান করে।
সেই রান তাড়ায় সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি পাকিস্তান। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। এরপর স্পিনাররা দৃশ্যপটে এসে গুঁড়িয়ে দেন পাকিস্তানি ব্যাটিং।
ওপেনার শাওয়াল জুলফিকারের ১৪ রানই দলের সর্বোচ্চ। সাতে নেমে অধিনায়ক হাফসা খালিদ করেন ১২ রান।

৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। ভালো বোলিং করেন দলের অন্যরাও।
ভারতের সঙ্গে বাংলাদেশের শিরোপার লড়াই রোববার। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১টাঁ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১১০/৮ (ইশমা ১২, শামীমা ১৩, ১৪, শারমিন ১৫, ফাহিমা ৪০*, লতা ৫, ফারজানা ৬, শরিফা ০, সাদিয়া ৮, ফাতেমা ২, মেঘলা ১*; মাসুমা ২-০-৯-০, ওয়াহিদা ৪-০-২০-১, মমিনা ৪-০-২০-১, আনোসা ৪-০-২১-১, ওমাইমা ২-০-১৪-১, হাফসা ৪-০-২৫-২)।
মালেয়েশিয়া: ১৬.৪ ওভারে ৫৬ (ইমান ৪, শাওয়াল ১৪, হুরাইনা ০, ওমাইমা ৫, গুল ২, ইউসরা ১১, হাফসা ১২, ওয়াহিদা ০, আনোসা ২, মাসুমা ০, মমিনা ০; তৃষ্ণা ৩-০-১৪-১, মেঘলা ৩.৪-০-৬-৩, ফাতেমা ৪-০-১১-১, ফাহিমা ৩-০-৬-২, শরিফা ২-০-১২-০, ফারজানা ১-০-৬-১ )।