১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া
প্রায় এক দশক পর তিন বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি।
এই বছরও সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া। তবে সিরিজটি ছিল তাদের ঘরের মাঠে। প্রায় ১০ বছর পর ২০২৫ সালে ক্যারিবিয়ায় টেস্ট খেলবে তারা।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অস্ট্রেলিয়া সবশেষ টেস্ট খেলেছিল ২০১৫ সালে। দুই টেস্টের সিরিজটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল সফরকারীরা।
২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজে আরেকটি দীর্ঘ অপেক্ষার অবসানও হবে। প্রায় এক দশক ধরে দল দুটি সিরিজে দুটির বেশি টেস্ট খেলে না। সবশেষ তিন বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজ তারা খেলেছিল ২০১৫ সালে।
আসছে সফরে তিন টেস্টের সিরিজ খেলবে তারা। আইসিসি চ্যাম্পিয়নশিপের নতুন চক্র এই লড়াই দিয়ে শুরু করবে দল দুটি। ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। দুই বোর্ডের সম্মতিতে একটি টেস্ট বাড়ানো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়ার এবার তিন টেস্ট খেলার খবরটি আগে প্রকাশ করেছিল ‘নাইন’ সংবাদ মাধ্যম। সেটাই এসইএন রেডিওকে নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি, যিনি আগামী মার্চে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ধারণা, বারবাডোজ, গ্রানাডা ও জ্যামাইকায় হতে পারে টেস্ট তিনটি। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবশেষ টেস্ট সিরিজটি ১-১ ড্র হয়েছিল। ব্রিজবেনে শামার জোসেফের দুর্দান্ত বোলিংয়ে ৭ রানের স্মরণীয় জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা।
