রংপুরের কর্ণধার ও সমর্থকদের ‘সরি’ বললেন লিটন
শক্তি-সামর্থ্যে অন্য সব দলের চেয়ে অনেক এগিয়ে থাকা শিরোপাপ্রত্যাশী রংপুর রাইডার্স আবার বিদায় নিয়েছে এলিমিনেটর ম্যাচ থেকে।
দেশি-বিদেশি ক্রিকেটার আর শক্তি-সামর্থ্যে এই বিপিএলে অন্য সব দলের চেয়ে অনেকটা এগিয়ে ছিল রংপুর রাইডার্স। শিরোপা জয়ের জন্য সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছিল তাদেরকেই। কিন্তু আরও একবার ফাইনালের আগেই থেমে গেছে তাদের পথচলা। সমর্থকদের প্রত্যাশা পূর্ণ করতে না পারায় তাদের কাছে দুঃখ প্রকাশ করলেন রংপুর অধিনায়ক লিটন কুমার দাস।
বিপিএলের দ্বাদশ আসরের এলিমিনেটর ম্যাচে মঙ্গলবার সিলেট টাইন্টাসের বিপক্ষে ৩ উইকেটে হেরে বিদায় নেয় রংপুর। কম রানের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ বলে ছক্কায় জিতে ফাইনালের আশা জিইয়ে রাখে সিলেট।
রংপুর তাদের একমাত্র বিপিএল শিরোপা জিতেছিল সেই ২০১৭ সালে। তারপর থেকে আর কখনও ফাইনালেই খেলতে পারেনি তারা। এই নিয়ে টানা চারবার প্লে-অফ থেকে বিদায় নিল তারা। গত আসরেও এলিমিনেটর ম্যাচে হেরে বাদ পড়েছিল দলটি।
এবার আসরের শুরু থেকে রংপুরের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। তার নেতৃত্বে শুরুটা বেশ ভালো করে তারা। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই তারা জয় পায়, অন্যটিতে হেরে যায় সুপার ওভারে। কিন্তু পরের তিন ম্যাচেই টানা হেরে পয়েন্ট তালিকায় নেমে যায় চার নম্বরে।
প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচের আগে সোহানের জায়গায় নেতৃত্ব দেওয়া হয় লিটনকে।
ওই দুই ম্যাচ জিতে শেষ চারে জায়গা নিশ্চিত করে রংপুর। কিন্তু এবার আর পারল না তারা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন লিটন।
“দুর্ভাগ্যজনকভাবে কোয়ালিফায়ার (এলিমিনেটর) থেকে বাদ পড়ে গেলাম। সরি রংপুরের যারা ভক্ত ছিল, তাদের প্রতি। যে প্রত্যাশা তাদের থাকে সবসময়, সেটা পূরণ করতে পারি নাই আমরা এবং আবারও সরি রংপুরের কর্ণধারদের প্রতি, তারা যে আশা নিয়ে আমাকে এই দায়িত্বটা দিয়েছিল, তাদের আশাটাও পূরণ করতে পারলাম না।”
রংপুরের হয়ে এবার শুরু থেকে খেলেছেন ইংলিশ ব্যাটসম্যান দাভিদ মালান। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্সকেও প্রায় পুরো মৌসুম পেয়েছে তারা। দলের প্রথম ম্যাচে পাঁচ উইকেট শিকারি পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ মাঝে জাতীয় দলের হয়ে খেলতে গেলেও, পরে আবার যোগ দেন রংপুর শিবিরে।
দেশি ক্রিকেটারদের মধ্যে লিটন, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানের মতো তারকা ও অভিজ্ঞ ক্রিকেটাররা ছিলেন দলে। এই সময়ে বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার নাহিদ রানাও নিয়েছিল তারা।
শক্তি-সামর্থ্যে রংপুরের কাছাকাছিও নেই আর কোনো দল। তারপরও কেন তারা বাদ পড়ে গেল এলিমিনেট ম্যাচ হেরে? ভালো শুরুর পর ছন্দপতনেরই বা কারণ কী!
লিটনের মতে, কাগজে-কলমে এগিয়ে থাকার চেয়ে মাঠে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারাটাই আসল ব্যাপার।
“দুইদিন আগে একটা প্রেসে (সংবাদ সম্মেলনে) মনে হয় প্রশ্ন উঠেছিল, কাগজে-কলমে আমরা অনেক ভালো দল। ক্রিকেট কাগজে-কলমের চেয়ে (গুরুত্বপূর্ণ) আপনি ২২ গজে কতখানি বাস্তবায়ন করছেন। কাগজে-কলমে আমরা ব্যাটিং-বোলিং ভালো, আমরা ফিল্ডিংয়ে খারাপ। বেশিরভাগ ম্যাচেই ফিল্ডিং অনেকটা আমাদের ভুগিয়েছে।”
“আজকের দিনেও দেখবেন, আমরা অনেকগুলো অতিরিক্ত রান দিয়েছি, আমাদের হাত থেকে রান নিয়ে নিয়েছে। যখন ছোট পুঁজি নিয়ে লড়বেন, তখন ফিল্ডিং ইউনিটটা অনেক গুরুত্বপূর্ণ।”
