২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির ক্যারিয়ারে যেভাবে ভূমিকা রেখেছেন স্টার্ক

১৫ বছর বয়স থেকে অস্ট্রেলিয়ার তারকা পেসারকে অনুসরণ করছেন এই পাকিস্তানি পেসার।

আফ্রিদির ক্যারিয়ারে যেভাবে ভূমিকা রেখেছেন স্টার্ক
মিচেল স্টার্কের সঙ্গে সেলফিতে শাহিন শাহ আফ্রিদি (ডানে)। ছবি: ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 04:22 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

শাহিন শাহ আফ্রিদি যখন বয়সভিত্তিক ক্রিকেট খেলছেন, মিচেল স্টার্ক তখন তারকা বোলার। গতির সঙ্গে সুইংয়ের মিশেলে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলা অস্ট্রেলিয়ান পেসারের বোলিং মনে ধরে যায় তরুণ আফ্রিদির। সেই থেকে তিনি বিশ্বকাপ জয়ী পেসারকে অনুসরণ করতে শুরু করেন। আর এভাবেই নিজের অজান্তে পাকিস্তানি পেসারের ক্যারিয়ারের ভিত গড়ায় ভূমিকা রাখেন স্টার্ক। 

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্টার্কের। সময়ের সঙ্গে সেরা বোলারদের একজন হয়ে ওঠেন তিনি। সম্প্রতি টেস্ট ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন ৩৫ বছর বয়সী এই বোলার।

২০১৫ সালের বিশ্বকাপে যখন খেলছিলেন স্টার্ক, আফ্রিদির বয়স তখন ১৫, পাকিস্তানের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলছিলেন তিনি। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের অনুষ্ঠিত ওই বিশ্বকাপে আগুন ঝরা বোলিং করেছিলেন স্টার্ক। ৮ ম্যাচে ২২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পঞ্চম শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

সেই থেকেই স্টার্ককে অনুসরণ শুরু করেন আফ্রিদি। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখা বাঁহাতি এই পেসার এখন পাকিস্তানের সেরা বোলারদের একজন। ৩৩ টেস্ট, ৭১ ও ৯৬ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। তিন সংস্করণেই তার উইকেট একশর বেশি।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় আছেন আফ্রিদি, ব্রিজবেন হিটের হয়ে। ম্যাচটি সামনে রেখে তার ক্যারিয়ারে স্টার্কের ভূমিকার কথা তুলে ধরেন ২৫ বছর বয়সী পেসার।

“তিনি কিংবদন্তি। স্টার্কি যখন ২০১৫ বিশ্বকাপে খেলছিলেন, তখন আমি পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলছিলাম, তাই... তিনি যেভাবে বল সুইং করাচ্ছিলেন, আমি তাকে অনুকরণ করে অনেকবার বল করার চেষ্টা করেছিলাম।”

“তিনি পুরো বিশ্বকাপ জুড়ে ফুল লেংথে বল করছিলেন এবং খুব ভালো সাফল্য পেয়েছিলেন।”

চলমান অ্যাশেজেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন স্টার্ক। দুই টেস্টে এরই মধ্যে ধরেছেন ১৮ শিকার। দুই ম্যাচেই জিতেছেন সেরার পুরস্কার। ছন্দে থাকা স্টার্ককে এখনও অনুসরণ করেন আফ্রিদি। বললেন, সুযোগ পেলেই চেষ্টা করেন কথা বোলার।

“শেষবার যখন তার সঙ্গে কথা হয়, তখন (২০১৫ সালে) তাকে দেখার কথা বলেছিলাম…আর সেই কারণেই আমি ব্যাটসম্যানদের ফুল লেংথ বল করি।”

“তিনি যেকোনো তরুণের জন্য একজন আদর্শ...অনেক বছর ধরেই তিনি অস্ট্রেলিয়ার সেরাদের একজন।”