এসএ টোয়েন্টির নিলামে নাহিদ
নিলামের আগেই অবশ্য সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশের আরেক বোলার।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। পঞ্চম আসরের আগে অনুষ্ঠেয় নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি।
নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। সেখানে নাহিদের ভিত্তিমূল্য দেখা যাচ্ছে ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড (৯০ হাজার ৩৭৫ মার্কিন ডলার)।
এবারের নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন মোট ৭৮৯ জন ক্রিকেটার। এর মধ্যে ১৫৬ জন ক্রিকেটারকে চূড়ান্ত তালিকায় রেখেছে সিএসএ। যার মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকান ও ৬১ জন বিদেশি ক্রিকেটার।
টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজি ১৯ জন ক্রিকেটার করে নিয়ে দল সাজাবে। দুটি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে ১৯ জন করে ক্রিকেটার চুক্তিবদ্ধ করায় তারা নিলামে অংশ নিতে পারবে না।
আগামী বুধবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে নিলাম অনুষ্ঠান।
নিলামের আগেই গত অগাস্টে এই টুর্নামেন্টে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সাইরাইজার্স ইস্টার্ন কেপ এই লেগ স্পিনারকে চুক্তিবদ্ধ করেছে।
গত আসরের নিলাম থেকে স্পিনার তাইজুল ইসলামকে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। যদিও পরে তিনি নিজেকে সরিয়ে নেন। পরে তার বদলি হিসেবে দলটিতে জায়গা পান নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন।
আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টির এবারের আসর।
