১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বেয়ারস্টোর ‘বিতর্কিত’ আউটে অশ্বিন দেখছেন কেয়ারির ‘স্মার্টনেস’

ভারতীয় অভিজ্ঞ স্পিনারের মতে, বেয়ারস্টোর বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া লক্ষ্য করার পরই কেয়ারি থ্রো করার সিদ্ধান্ত নেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 04:04 PM

Updated : 03 Jul 2023, 08:23 PM

লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোর আউট নিয়ে ক্রিকেট আঙিনায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকের চোখে ইংলিশ কিপার-ব্যাটসম্যানকে এভাবে ফিরিয়ে চেতনার পরিপন্থী কাজ করেছেন অ্যালেক্স কেয়ারি। তবে ভারতীয় অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তুমুল বিতর্ক ছড়ানো এই আউটকে দেখছেন ভিন্ন চোখে। তার মতে, অন্যায্য কাজ নয় বরং স্মার্ট ক্রিকেট খেলেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক। 

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে ঘটে ওই কাণ্ড। একের পর এক উইকেট হারিয়ে যখন চাপে দল, তখন বেয়ারস্টো ও বেন স্টোকসের বড় জুটি খুব করে চাইছিল ইংলিশরা। কিন্তু বেয়ারস্টোকে স্টাম্পড করে তাদের সেই আশা ভেঙে দেন কেয়ারি। 

ইংল্যান্ডের রান তাড়ায় ৫২তম ওভারের শেষ বলটি বাউন্সার দেন ক্যামেরন গ্রিন। মাথা নিচু করে বল ছেড়ে বেয়ারস্টো। কেয়ারি বল গ্লাভসে নিয়ে আস্তে করে ছুড়ে দেন স্টাম্পের দিকে। বল ছেড়ে দেওয়ার পর বেয়ারস্টো ততক্ষণে ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে গেছেন। বল স্টাম্পে ছোবল দিলে আউটের আবেদন করে অস্ট্রেলিয়া। তাতে সাড়া দিয়ে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের জন্য পাঠান মাঠের আম্পায়ার। 

দেখে মনে হচ্ছিল, বেয়ারস্টো রান নেওয়ার জন্য বের হননি, ওভার শেষ হওয়ায় অপর প্রান্তে থাকা স্টোকসের সঙ্গে কথা বলতে এগিয়ে যান তিনি। কিন্তু বল তখনও ‘ডেড’ না হওয়ায় বেয়ারস্টোকে আউট দেন টিভি আম্পায়ার। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। 

এরপরই ব্যাটিংয়ে নেমে কেয়ারিকে খোঁচা মেরে স্টুয়ার্ট ব্রড বলেন, ‘এসবের জন্য তোমাকে সবাই মনে রাখবে।’

৩৭১ রানের লক্ষ্য তাড়ায় বেয়ারস্টোর বিদায়েই ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। পরে অবশ্য পাল্টা আক্রমণে ১৫৫ রানের অসাধারণ ইনিংস খেলে আশা জাগালেও দলের মুখে হাসি ফোটাতে পারেননি স্টোকস। স্বাগতিকরা ৪৩ রানের হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেয়ারস্টোকে আউট দেওয়ার সিদ্ধান্তকে সঠিকই মনে করেন স্টোকস। তবে এটাও বলেন, ক্রিকেটের চেতনার পরিপন্থী হওয়ায় অস্ট্রেলিয়ার জায়গা থাকলে এমন আউটের আবেদনই করতেন না তারা। 

অশ্বিনের কাছে অবশ্য চেতনার পরিপন্থী বলে কিছু নেই। আইপিএলে জস বাটলারকে ‘মানকাড’ আউট করে সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তখনও বলেছিলেন, নিয়মে থাকলে কোনোটাই অন্যায্য নয়। এবারও বললেন একই কথা। 

বেয়ারস্টোর আউট নিয়ে একজন টুইটে টেনে আনেন অশ্বিনের ‘মানকাড’ আউট করা নিয়ে সমালোচিত হওয়ার কথা। সেখানে এই অফ স্পিনার কেয়ারির পক্ষে নিজের ভাবনা তুলে ধরেন।  

“আমাদের অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে বলতে হবে। টেস্ট ক্রিকেটে একজন উইকেটরক্ষক কখনোই এত দূর থেকে স্টাম্পে থ্রো করবে না, যদি না সে কিংবা তার দল লক্ষ্য করে ব্যাটসম্যান বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যেটা বেয়ারস্টো করেছে।” 

“খেলার অন্যায্য দিক বা চেতনার দিকে ঝুঁকানোর বদলে আমাদের অবশ্যই ব্যক্তির খেলায় স্মার্টনেসের প্রশংসা করতে হব।” 

বেয়ারস্টোকে বারবার ক্রিজ ছেড়ে দ্রুত বেরিয়ে যেতে অস্ট্রেলিয়ানদের খেয়াল করার যে বিষয়টি বলেছেন অশ্বিন, ঠিক একই কথা ম্যাচ শেষে স্কাই টিভিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়কের মতে, অন্যায় কোনো কাজ করেননি কেয়ারি। 

“আমার মনে হয়, কেয়ারি কয়েকবারই দেখেছে যে বেয়ারস্টো এভাবে বেরিয়ে যাচ্ছে। তিন-চার বলে আগেও দেখেছে। (আউটের সময়) সে একটুও থমকে থাকেনি, বল ধরেই সরাসরি স্টাম্পে থ্রো করেছে। আমি মনে করি, এটা পুরোপুরি ফেয়ার প্লে। খেলার নিয়মই তো এমন। কিছু লোকে হয়তো একমত হবেন না। তবে আমি এটাকে এভাবেই দেখি।”