২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখছেন শাস্ত্রী ও পন্টিং

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং অবশ্য পাকিস্তানের সম্ভাবনাও কিছুটা দেখছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছে ভারত ও অস্ট্রেলিয়া। এশিয়ার দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন, গত ওয়ানডে বিশ্বকাপের রানার্স আপ। তাসমান সাগর পারের দলটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন। এই দুই দলকে টপকে আসছে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে অন্য কারো খেলার সুযোগ দেখছেন না রাভি শাস্ত্রী ও রিকি পন্টিং।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জেতে ভারত। এর আগের বছর ওয়ানডের বিশ্ব সেরা হওয়ারও সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু ঘরের মাঠে তাদের আশা গুঁড়িয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নেয় অস্ট্রেলিয়া।

২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলে এই দুই দল। শিরোপা নির্ধারণী ওই ম্যাচে ২০৯ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এবারের চক্রের ফাইনালেও খেলবে অস্ট্রেলিয়া। জুনে লর্ডসে অনুষ্ঠেয় ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

আইসিসি রিভিউয়ে সম্প্রতি ভারতের সাবেক অলরাউন্ডার শাস্ত্রী বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমি-ফাইনাল খেলতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনাই বেশি দেখছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও ব্যাটিং গ্রেট পন্টিংয়েরও ভাবনা একই।

“ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে যাওয়া কঠিন। এই মুহূর্তে উভয় দেশের খেলোয়াড়দের মানের কথা চিন্তা করুন, আর সাম্প্রতিক সময়ের দিকে ফিরে তাকান। যখনই ফাইনাল এবং আইসিসির বড় আসরগুলো হয়েছে এবং অবশ্যম্ভাবীভাবে অস্ট্রেলিয়া ও ভারত কোথাও না কোথাও ছিল।”

তবে পন্টিং বাদ দিচ্ছেন না স্বাগতিক পাকিস্তানকেও। তার মতে, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলটিও খেলতে পারে ফাইনালে।

“অন্য যে দলটি এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে, তারা হলো পাকিস্তান। গত কিছুদিন ধরে ওয়ানডেতে তাদের সময়টা অসাধারণ কেটেছে।”

“আমরা জানি, বড় টুর্নামেন্টগুলিতে তারা সবসময় অনুমেয় দল নয়। তবে মনে হচ্ছে, তারা সমস্যাগুলো কিছুটা সমাধান করেছে।”

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের লড়াই দিয়ে উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে।