২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রমাটাইজড’ নাহিদ রানা যাবেন না পাকিস্তান সফরে

পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন তরুণ এই ফাস্ট বোলার, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান পাকিস্তানে যোগ দেবেন দলের সঙ্গে।

‘ট্রমাটাইজড’ নাহিদ রানা যাবেন না পাকিস্তান সফরে
পাকিস্তান সফরে থাকছেন না নাহিদ রানা। ছবি: বিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ফিরে আসা নাহিদ রানা জাতীয় দলের পাকিস্তান সফর থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে থাকা মুস্তাফিজুর রহমান পাকিস্তানে যোগ দেবেন দলের সঙ্গে। 

তরুণ এই ফাস্ট বোলারের পাশাপাশি পাকিস্তানে যাবেন না বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কিলি। 

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন জানালেন, আরও কয়েকজনের মধ্যে ‘কিছুটা অস্বস্তি’ ছিল। তবে পরবর্তীতে তারা রাজি হয়েছেন সফরে যেতে। 

ভারত-পাকিস্তান যুদ্ধে জের ধরে গত ৯ মে স্থগিত হয়ে যায় পিএসএল। টুর্নামেন্টের ভেন্যুগুলোর একটি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে ড্রোন হামলার খবরও জানা যায়। বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ ও রিশাদ হোসেন খেলছিলেন ওই ফ্র্যাঞ্চাইজি আসরে। যুদ্ধের কারণে তাদের দেশে ফেরাও তখন ছিল অনিশ্চয়তায়। পরে এই দুজনসহ সব বিদেশি ক্রিকেটার পাকিস্তান ছাড়তে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশেষ ব্যবস্থাপনায়।

পরে যুদ্ধ থেমে গেলেও বাংলাদেশ দলের পাকিস্তান সফর ছিল অনিশ্চয়তায়। অবশেষে দুবাইয়ে দুই দেশের বোর্ড কর্তাদের বৈঠক শেষে মঙ্গলবার জানানো হয়, পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, তবে কমে যায় সিরিজের পরিধি।

বাই থেকে ফিরে বুধবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমখি হয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানালেন, পিএসএল থেকে ফেরার অভিজ্ঞতার কারণেই পাকিস্তানে যেতে চাননি নাহিদ।

“যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে নাহিদ রানা ও রিশাদকে, সেটা যদি ট্রমাটাইজ করে একজনকে, তাকে দোষ দেওয়ার সুযোগ নেই। সে কারণেই সম্ভবত নিজেকে সরিয়ে নিয়েছে ও (নাহিদ)।”

"সম্প্রতি যে ঘটনা ঘটেছে ভারত-পাকিস্তানের মধ্যে, কিছুটা অস্থিরতা থাকতেই পারে, সেটিই হয়তো তার বিবেচনায় আছে। নাহিদ রানা যেহেতু ওখানে ছিল, স্বাভাবিকভাবেই অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে ওকে। সেটিই হয়তো ওকে এই সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। অন্য দুজন (কেলি ও প্যামেন্ট) এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না। এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে চায়। সেটিই তাদের কারণ।"

পিএসএল থেকে ফেরা আরেক ক্রিকেটার রিশাদেরও দুর্ভাবনার জায়গা কিছু ছিল বলে জানালেন নাজমুল আবেদিন।

"রিশাদও যে ভাবেনি, তা কিন্তু হয়। তবে ক্রমে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। আমাদের প্রধান কোচ নিজে যাচ্ছে। সবকিছু হয়তো অন্যদের অনুপ্রাণিত করেছে একটু অন্যভাবে চিন্তা করতে ও নিজেদের মত বদলে দলের সঙ্গে যেতে।"

নাহিদের বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচের পর আইপিএলে চলে যাওয়া মুস্তাফিজুর রহমানকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে পাবে দল।

মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের দুটি ম্যাচ বাকি আছে প্রাথমিক পর্বে। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারলে দিল্লির বিদায় নিশ্চিত হয়ে যাবে। প্রাথমিক পর্বে তাদের শেষ ম্যাচ শনিবার। শেষ পর্যন্ত দলটি প্লে-অফে উঠলেও পাবে না মুস্তাফিজকে।

পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ তিনটি হবে ২৮, ৩০ মে ও ১ জুন। 

বাংলাদেশ থেকে বিশেষ একটি নিরাপত্তা দল পাকিস্তানে গিয়ে এই সিরিজের সময় থাকবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।