২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসে নতুন চেহারার শ্রীলঙ্কা দল

শ্রীলঙ্কার সবশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে ১৫ সদস্যের এই দলে আছেন কেবল দুজন ক্রিকেটার।

এশিয়ান গেমসে নতুন চেহারার শ্রীলঙ্কা দল

আরেকটি এশিয়ান গেমস দিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরলেন সাহান আরাচ্চিগে। ছবি: এসএলসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 08:39 PM

Updated : 22 Sep 2026, 08:44 PM

নিয়মিত ক্রিকেটারদের বেশিরভাগকে ছাড়াই এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে পদক জয়ের মঞ্চে ফেরার অভিযানে নামবে শ্রীলঙ্কা। দলকে নেতৃত্ব দেবেন সাহান আরাচ্চিগে।

টি-টোয়েন্টি সংস্করণের প্রতিযোগিটির জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটি। এই দলটি ইংল্যান্ডে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা দলটির চেয়ে অনেকটাই আলাদা।

শ্রীলঙ্কার ৩-০ ব্যবধানে হারা ওই সিরিজের দল থেকে এবারের দলে আছেন কেবল নুয়ান থুশারা ও থারিন্দু রাত্নায়েকে। ইংল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন চারিথ আসালাঙ্কা; কারণ মূল অধিনায়ক কুশাল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো চোটের কারণে ছিটকে পড়েছিলেন। এখন সেরে উঠে এশিয়ান গেমসের দলে জায়গা পেয়েছেন ফার্নান্দো।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চার জন আছেন এই দলে- টপ অর্ডার ব্যাটসম্যান সিনেথ জায়াওয়ার্দেনা, কিপার-ব্যাটসময়ান সোহান ডি লিভেরা, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ওয়ানুজা সাহান ও পেসার গারুকা সানকেথ।

অনেকেই টি-টোয়েন্টি দলে ফিরেছেন দীর্ঘদিন পর। ৩০ বছর বয়সী অলরাউন্ডার আরাচ্চিগে যেমন এই সংস্করণে শ্রীলঙ্কার হয়ে একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২৩ সালে এবং সেটিও ছিল এশিয়ান গেমসে। সেবারও দলের অধিনায়ক ছিলেন তিনি।

দলে ফেরা অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালে।

২০১০ সালে অন্তর্ভুক্তি হওয়া থেকে এশিয়ান গেমসে তিনবার ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে শ্রীলঙ্কার পারফরম্যান্স ছিল মিশ্র। ২০১০ সালে গুয়াংজুতে অনুষ্ঠিত আসরে তারা ব্রোঞ্জ জিতেছিল এবং ২০১৪ সালে ইনচন গেমসের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছিল। তবে ২০২৩ সালে হাংজু গেমস থেকে তারা কোনো পদক ছাড়াই ফিরেছিল; সেবার ভারত সোনা, আফগানিস্তান রুপা ও বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছিল।

এবারের আইচি ও নাগোয়া এশিয়ান গেমসে ১০ দলের আসরে আগামী মঙ্গলবার সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। যে ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হবে ছয় দলের প্রাথমিক পর্ব শেষে।

এশিয়ান গেমসের শ্রীলঙ্কা দল: সাহান আরাচ্চিগে (অধিনায়ক), লাসিথ ক্রুসপুল্লে, নিরোশান ডিকওয়েলা, সিনেথ জায়াওয়ার্দেনা, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা কারুনারাত্নে, থারিন্দু রাত্নায়েকে, ওয়ানুজা সাহান, ভিজায়াকান্থ ভিয়াসকান্থ, দুশান হেমান্থা, নুয়ান থুসশারা, বিনুরা ফার্নান্দো, গারুকা সানকেথ।