আসল ম্যাচটি দিয়েই বিশ্বকাপ শুরু করছে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিগার সুলতানার দল।
দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার অস্বস্তি। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ের স্বস্তি। অনেক আশা। কিছু স্বপ্ন। সবকিছুকে সঙ্গী করে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। নিগার সুলতানার দল সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিই খেলছে শুরুতে। প্রতিপক্ষ যে পাকিস্তান!
শক্তি-সামর্থ্যের বিচারে বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কাকে রাখা যায় পাশাপাশি। দেশ ছাড়ার আগে কোচ সরওয়ার ইমরানও বলে গেছেন, এই দুটি ম্যাচে আলাদা করেই চোখ থাকবে তাদের। গত বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষেই। এবারের আইসিসি উইমেন’স বিশ্বকাপে সেই দলকেই তারা সামনে পাচ্ছেন সবার আগে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
গত বিশ্বকাপের জয়টা অবশ্য এবার কাজে লাগবে না বলেই মনে করেন নিগার। তবে মাঠের লড়াই শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, এবারও জয়ের বিশ্বাস তাদের আছে।
‘‘(গত বিশ্বকাপের পর) অনেক কিছুই বদলে গেছে। এটা নতুন দিন। দলের জন্য ভালোভাবে শুরু করার এটি চমৎকার সুযোগ আগামীকাল (বৃহস্পতিবার)। এটি আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ, যা পুরো টুর্নামেন্টের জন্য আত্মবিশ্বাস বাড়াবে এবং বাকি ম্যাচগুলোর জন্য সুর বেঁধে দেবে।’’
‘‘পাকিস্তানের সঙ্গে খেলছি, আমাদের জন্য এটি ভালো ব্যাপার, কারণ আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি এবং একে অপরকে ভালোভাবে জানি। বাছাইয়ে সময় আমরা তাদের সঙ্গে খেলেছি, পাশাপাশি দ্বিপক্ষীয় সিরিজও হয়েছে। কাজেই বেশ কঠিন লড়াই হতে পারে।’’
গত এপ্রিয়ে পাকিস্তানে বাছাইপর্বে খেলার পর এই লম্বা সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের একটি ভেসে গেছে বৃষ্টিতে। আরেকটি লঙ্কানদের ১ রানে হারায় নিগারের দল।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অবশ্য বিকেএসপি ও সিলেটে লম্বা ক্যাম্প করেছে দল। সেই প্রস্তুতিতে ভরসা রাখছেন নিগার।
‘‘আমরা বিশেষ করে, আমাদের মানসিক দিকটি নিয়ে অনেক কাজ করেছি। ম্যাচ জেতার ভালো সম্ভাবনা আমাদের আছে, তবে আমাদের শুধু বিশ্বাস করতে হবে। গত ১২ মাস ধরে সেই বিশ্বাস গড়ে তোলার চেষ্টাই আমরা করেছি। কারণ, আমরা ভালো খেলে গেছি, কিন্তু কোনো না কোনোভাবে ম্যাচ জিততে পারিনি।"
"কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে খুব কাছাকাছি গিয়েও আমরা জিততে পারিনি। এজন্যই আমরা কাজ করছি যে কীভাবে ভালো দলের বিপক্ষে জিততে হয়। বাছাইয়ের পর গত কয়েক মাসে আমরা অনেক পরিশ্রম করেছি, বিশেষ করে শারীরিক দিকে উন্নতিতে অনেক ঘাম ঝরিয়েছি। দেখা যাক, ক্রিকেটাররা কাল এবং পরবর্তী ম্যাচগুলোতে কীভাবে সাড়া দেয়।”
বাংলাদেশের শক্তির জায়গা বরাবরই ছিল বোলিং। বছরের পর বছর ধরে মূল দুর্ভাবনার জায়গা ব্যাটিং, যা আছে এখনও।
‘‘দীর্ঘ সময় ধরে ব্যাটিংই আমাদের মূল ভাবনার জায়গা। বোলাররা প্রতিটি ম্যাচেই ছিল নিখুঁত, ফিল্ডাররাও ভালো করছে। কিন্তু ব্যাটিং ইউনিট সেই সুযোগ কাজে লাগাতে পারছে না। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আমাদের সম্ভাবনা আছে, তবু আমরা কেন শতভাগ দিতে পারছি না বা বড় স্কোর করতে পারছি না! তাই আমরা ব্যাটিং ইউনিট হিসেবে কঠোর পরিশ্রম শুরু করেছি এবং নিজেদের কাছে প্রতিজ্ঞা করেছি।”
“আমরা যদি ভালো করতে চাই ও ম্যাচ জিততে চাই, অবশ্যই স্কোরবোর্ডে কিছু রান জমা করতে হবে আমাদের।”
ওয়ানডেতে মুখোমুখি ১৬ লড়াইয়ে দুই দলেরই জয় সমান ৮টি করে। এবার কোনো এক দলের এগিয়ে যাওয়ার পালা। নিগার অবশ্য বলতে পারেন, বিশ্বকাপে তারা ১-০ ব্যবধানে এগিয়ে, এবার ২-০ করার পালা!
