Published : 24 Nov 2024, 05:36 PM
মার্নাস লাবুশেনকে ডিপ ফাইন লেগ দিয়ে খেললেন ভিরাট কোহলি। চার হয়েছে কিনা শুরুতে বুঝতে পারেননি তিনি। আম্পায়ার বাউন্ডারির ঘোষণা দিতেই তার মুখে দেখা গেল চওড়া হাসি। দীর্ঘ দিনের অপেক্ষা শেষে সেঞ্চুরি বলে কথা! যেন পরম স্বস্তিতে দুই হাতে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরলেন ভারতীয় ব্যাটিং গ্রেট।
টানা ব্যর্থতার ধারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টের প্রথম ইনিংসেও ৫ রানে আউট হয়ে যান কোহলি। ঘুরে দাঁড়িয়ে পার্থে ম্যাচের তৃতীয় দিন রোববার উপহার দিলেন দারুণ এই শতক; ২ ছক্কা ও ৮ চারে ১৪৩ বলের ইনিংসে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি।
কোহলি সেঞ্চুরি ছোঁয়ার পরই ৬ উইকেটে ৪৮৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। স্বাগতিকদের সামনে ছুঁড়ে দেয় ৫৩৪ রানের পাহাড়সম লক্ষ্য।
টেস্টে দীর্ঘ ১৬ মাস পর সেঞ্চুরির স্বাদ পেলেন কোহলি। এর আগে ক্রিকেটের অভিজাত সংস্করণে সবশেষ তিন অঙ্কের দেখা তিনি পেয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে, ত্রিনিদাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ১২১ রানের ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির আগের সেঞ্চুরিটি এসেছিল গত বছরের নভেম্বরে। ওয়াংখেড়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালে করেছিলেন ১১৭ রান।
ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে গত দুই টেস্ট সিরিজে তো একেবারেই নিষ্প্রভ ছিলেন কোহলি। পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় ছিল স্রেফ ২১.৩৩। কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া সিরিজে ৬ ইনিংস মিলিয়ে করতে পারেন কেবল ৯৩ রান। এই সেঞ্চুরির আগে টেস্টে সবশেষ ১৩ ইনিংসে তার ফিফটি কেবল একটি।
কোহলির মতো ব্যাটসম্যানের প্রায় দেড় বছর টেস্টে সেঞ্চুরি না পাওয়া একেবারেই বেমানান। বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে তার পড়তি ফর্ম নিয়ে তাই আলোচনা-সমালোচনা ছিল তুঙ্গে। ব্যাট হাতে কী দারুণভাবেই না সব কিছুর জবাবটা দিলেন তিনি!
টেস্টে এটি কোহলির ৩০তম সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি হয়ে গেল ৮১টি। ১০০ সেঞ্চুরি নিয়ে তার ওপরে আছেন কেবল কিংবদন্তি সাচিন টেন্ডুলকার।
অস্ট্রেলিয়ায় এটি কোহলির সপ্তম টেস্ট শতক। দেশটিতে সফরকারী কোনো ব্যাটসম্যানের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এখানে সমান সাতটি শতক করেছিলেন ইংলিশ গ্রেট ওয়ালি হ্যামন্ড। অস্ট্রেলিয়ায় ৯টি সেঞ্চুরি করে এই তালিকায় সবার ওপরে আরেক ইংলিশ কিংবদন্তি জ্যাক হবস।
ভারতের ইনিংসে ৮৫তম ওভারে দেবদূত পাডিক্কালের বিদায়ের পর ক্রিজে যান কোহলি। সাবধানী ব্যাটিংয়ে শুরু করেন তিনি। প্রথম রানের দেখা পেতে তার লেগে যায় ১০ বল, প্রথম বাউন্ডারি পান ২২তম বলে।
এরপর দারুণ সব শটে বাড়াতে থাকেন রান। ৯৪ বলে স্পর্শ করেন ফিফটি। কোহলির সেঞ্চুরি জন্য অপেক্ষায় ছিল পুরো ভারত। তিনি ১৪৩ বলে তিন অঙ্কে ছুঁতেই ইনিংস ঘোষণা করে দেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রতি বুমরাহ।
কোহলির মতো দিনটি দারুণ কেটেছে ইয়াশসভি জয়সওয়ালেরও। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টেই ১৬১ রানের ইনিংস খেলেছেন ভারতীয় ওপেনার।
জয়সওয়ালের ১৬১ ও কোহলির সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়ের পর চাপে অস্ট