২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্বিতীয় সুযোগ’ কাজে লাগাতে উন্মুখ কারুন নায়ার

আট বছর পর টেস্ট খেলার হাতছানিতে রোমাঞ্চিত ৩৩ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।

‘দ্বিতীয় সুযোগ’ কাজে লাগাতে উন্মুখ কারুন নায়ার
দীর্ঘ সময় পর টেস্ট খেলার হাতছানি কারুন নায়ারের সামনে। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 07:02 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

আট বছর পর টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার হাতছানি কারুন নায়ারের সামনে। লম্বা সময় পর ভারতের টেস্ট দলে জায়গা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। এখন ব্যাট হাতে সুযোগটা কাজে লাগাতে অধীর হয়ে অপেক্ষায় আছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। 

ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামী বুধবার শুরু হবে লিডসে। গত সপ্তাহে ক্যান্টারবুরিতে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ডাবল সেঞ্চুরি করে টেস্ট একাদশে জায়গা করে নেওয়ার দাবি জোরাল করেন কারুন।

সবশেষ ২০১৭ সালের মার্চে টেস্ট খেলা অভিজ্ঞ এই ক্রিকেটার বৃহস্পতিবার বিসিসিআই টিভিতে বলেন, আবার সুযোগ পেয়ে রোমাঞ্চিত তিনি।  

“সত্যিই বিশেষ কিছু মনে হচ্ছে। আবার এই সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ ও ভাগ্যবান। এই সুযোগটি দুহাতে লুফে নিতে আমি সত্যিই উন্মুখ ও রোমাঞ্চিত।”

২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে বিদার্ভার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জাতীয় দলে ফিরেছেন কারুন। প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফিতে বিদার্ভার শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি ৫৩.৯৩ গড়ে ৮৬৩ রান করে। আসরে চার সেঞ্চুরির তিনটিই করেন শেষ পাঁচ ম্যাচে। ফাইনালে দুই ইনিংস খেলেন ৮৬ ও ১৩৫ রানের ইনিংস।

তার আগে ৫০ ওভারের ম্যাচের টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতেও রানের বন্যা বইয়ে দেন তিনি। ফাইনালের আগে সাত ইনিংসে পাঁচ সেঞ্চুরি ও এক ফিফটিতে তার রান ছিল ৭৫২। স্রেফ একটি ইনিংসে আউট হওয়ায় তার গড়ও ছিল ৭৫২। ফাইনালে ২৭ রানে আউট হওয়ায় গড় নেমে আসে ৩৮৯.৫০। ১২৪.০৪ স্ট্রাইক রেটে ৭৭৯ রান করে ‘ম্যান অব দা টুর্নামেন্ট’ হন তিনিই। এই পরিক্রমায় লিস্ট ‘এ’ ক্রিকেটে আউট না হয়ে টানা সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড, টানা চার ইনিংসে সেঞ্চুরির কীর্তিও গড়েন তিনি।

টেস্ট থেকে ভিরাট কোহলি অবসর নেওয়ায় চার নম্বরে দেখা যেতে পারে কারুন নায়ারকে। ছবি: আইসিসি

টেস্ট থেকে ভিরাট কোহলি অবসর নেওয়ায় চার নম্বরে দেখা যেতে পারে কারুন নায়ারকে

তাকে দলে নেওয়ার মূল কারণ হিসেবে ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ফর্ম ও ইংলিশ কন্ডিশনের সঙ্গে পরিচিতির কথা টেস্ট দল ঘোষণার সংবাদ সম্মেলনে তুলে ধরেছিলেন প্রধান নির্বাচক আজিত আগারকার। নর্থ্যাম্পটনশায়ারের হয়ে দুই মৌসুমে (২০২৩-২০২৪) কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচ খেলে ৫৬.৬১ গড়ে তিনি করেন ৭৩৬ রান।

“ফিরে আসা কখনই সহজ নয়। তোমার যত রান আছে, কখনও হাল না ছাড়ার মনোভাব- এটা পুরো দলের জন্য অনুপ্রেরণাদায়ক। ফিরে আসার জন্য স্বাগতম, কারুন নায়ার”- টেস্ট দলের প্রথম অনুশীলনের আগে বলেছিলেন ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভির।

২০১৮ সালের গ্রীষ্মে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের গোটা সিরিজে বেঞ্চে বসে কাটাতে হয়েছিল কারুনকে। সেই সফরে তার খেলার একমাত্র আশার আলো ধূলিসাৎ হয়ে যায় ওভালে শেষ টেস্টের আগে, যখন একাদশে সুযোগ পেয়ে টেস্ট অভিষেক হয় হানুমা বিহারির, যিনি শুরুতে মূল দলের অংশ ছিলেন না।

তখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছিলেন কারুন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন তুলেছিলেন তিনি। ম্যাচটি খেলার সুযোগ তিনি পেয়েছিলেন আজিঙ্কা রাহানে চোটে পড়ায়। তাকে নিয়ে আরও বেশি আলোচনার ঝড় উঠেছিল পরের টেস্টে। ট্রিপল সেঞ্চুরি করেও বাদ পড়েন দল থেকে, কারণ চোট কাটিয়ে ফেরেন রাহানে।

জাতীয় দলের বাইরে যাওয়ার পর একপর্যায়ে ফর্ম হারিয়ে কর্নাটাকা রাজ্য দলেও জায়গা হারান কারুন। তখন খেলার সুযোগ পাচ্ছিলেন না কোথাও। পুরো একটা মৌসুম বাইরে কাটাতে হয়েছিল তাকে। ২০২২ সালের ডিসেম্বরে সামাজিক মাধ্যমে তার একটি আকুতি নাড়া দিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। এক্স-এ (আগের টুইটার) তিনি লিখেছিলেন, ‘প্রিয় ক্রিকেট, আরেকটি সুযোগ আমাকে দাও।’

দ্বিতীয় সুযোগের আকুতির পর তার ফেরার শুরুটা হয়েছিল অবশ্য ইংল্যান্ডেই, ২০২৩ সালের জুনে। ইস্ট উইল্টশায়ারের বার্বেজ অ্যান্ড ইআর ক্রিকেট ক্লাবের হয়ে মাইনর কাউন্টিতে আট ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন তিনি। 

ইংল্যান্ড থেকে দেশে ফেরার এক সপ্তাহ পর সাবেক এক ম্যানেজার ফোন করে তার কাছে জানতে চান, কাউন্টি ক্রিকেটে খেলার জন্য তাকে পাওয়া যাবে কি-না। কারুন সুযোগটি কাজে লাগান; ক্লাব ক্রিকেটে খেলার জন্য বৈধ ভিসা থাকায় তিনি প্রায় তাৎক্ষণিক ইংল্যান্ডে ফিরে যান।

সেবার যদিও নর্থ্যাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে তিনটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এর মধ্যে এক ম্যচে ৭৮, আরেকটিতে ১৫০ রানের ইনিংস খেলেন। অথচ কর্নাটকা থেকে বিতারিত ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেটে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলারও সুযোগ পাননি ওই বছর।

একপর্যায়ে যখন টানা তিন-চার মাস বাড়িতে বসে ছিলেন, কিছু একটা খেলার আশায় তখন মুম্বাইয়ে গিয়ে পরিচিতদের অনুরোধ করে একটি স্থানীয় টুর্নামেন্টে খেলার সুযোগ পান তিনি। সেখানে তার দেখা হয় আবে কুরুভিল্লার সঙ্গে। সাবেক এই ভারতীয় পেসারই পরে কারুনকে সুযোগ করে দেন বিদার্ভা রাজ্য দলে।

ইংল্যান্ডে কারুনের সময়টা খুব একাকী ও কঠিন কেটেছিল, বললেন তার ঘনিষ্ঠ বন্ধু ও কর্নাটকা দলের সতীর্থ লোকেশ রাহুল।

“তাকে অনেক দিন ধরে চিনি আমি। যুক্তরাজ্যে ক্রিকেট খেলতে যে মাসগুলো সে কাটিয়েছে, কতটা কঠিন ও কতটা একাকী ছিল সেটা। এই সব করতে পারা এবং ভারতীয় দলে ফিরে আসা তার নিজের, তার পরিবার ও আমাদের মতো বন্ধুরা যারা তার যাত্রা দেখেছে, তাদের জন্য বিশেষ কিছু।”

“এটা খুবই অনুপ্রেরণাদায়ক। আশা করি তার অভিজ্ঞতা ও এখানকার ক্রিকেট থেকে শেখাটা টেস্ট ম্যাচ খেলার সময় তাকে ভালোভাবে সাহায্য করবে।”

টেস্ট থেকে ভিরাট কোহলির অবসরের পর চার নম্বরে সম্ভাব্য বিকল্প হিসেবে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে কারুনকে। আট বছর পর যখন ক্রিকেটের অভিজাত সংস্করণে ফিরবেন, অনুভূতিটা কেমন হবে এখনও বুঝে উঠতে পারছেন না তিনি। 

“আসলে নিশ্চিত নই (একাদশে ফেরার সম্ভাবনা নিয়ে)। আমাকে নিজেই সেই অনুভূতি অনুভব করতে হবে, শুধু সেখানে গিয়ে নিজেই অনুভব করতে হবে। আমি নিশ্চিত অনেক অনুভূতি থাকবে, যেগুলো আমি এখনই প্রকাশ করতে পারছি না। এটা পরাবাস্তব অনুভূতি হবে।"