২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্টি ম‍্যাচে ভাইদের ‘প্রতিশোধ’

প্রতিপক্ষ দলে খেলা দুই ভাই বেন আলিসন ও চার্লি আলিসনের উইকেটে জড়িয়ে পরস্পরের নাম।

কাউন্টি ম‍্যাচে ভাইদের ‘প্রতিশোধ’
দুই ভাই চার্লি আলিসন (বাঁয়ে) ও বেন আলিসন। ছবি: উস্টারশায়ার ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 08:21 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

ছোট ভাই ক্যাচ নিয়ে ফেরালেন বড় ভাইকে। পরে বড় ভাই বোল্ডই করে দিলেন ছোট ভাইকে। দুই ভাইয়ের প্রতিশোধ নেওয়ার এমন দৃশ্য দেখা গেল কাউন্টি চ্যাম্পিয়নশিপে। 

গত শুক্রবার এসেক্সের বিপক্ষে শুরু হওয়া ম্যাচে উস্টারশায়ারের হয়ে খেলছেন বেন আলিসন। গত বছর এসেক্স থেকে তিন বছরের চুক্তিতে উস্টারশায়ারে যোগ দেন ২৫ বছর বয়সী ইংলিশ পেসার।

গত এপ্রিলে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বেনের ছোট ভাই চার্লি আলিসনের। এসেক্সের হয়ে খেলছেন ২০ বছর বয়সী এই ওপেনার। ক্যারিয়ারের পঞ্চম প্রথম শ্রেণির ম্যাচে এসে প্রতিপক্ষ হিসেবে বড় ভাইকে পান তিনি।

নিউ রোডে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে উস্টারশায়ার। প্রথম দিন শেষ বেলায় দলের দশম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে যান বেন আলিসন। ম্যাথু ওয়েটের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি।

দ্বিতীয় দিনের শুরুতে বেনকে বিদায় করেই উস্টারশায়ারের ইনিংস গুটিয়ে দেয় এসেক্স। ১ ছক্কা ও ৩ চারে ৩৮ রান করা বেনের উইকেটে জড়িয়ে চার্লির নাম। শেন স্নেটারের বলে বড় ভাইয়ের ক্যাচ মুঠোয় জমান চার্লি।

প্রথম ইনিংসে ৩৫৮ রান করে উস্টারশায়ার। তাদের হয়ে ফিফটি করতে পারেন কেবল দুইজন- ১ ছক্কা ও ১১ চারে ৭৩ রান করেন ওয়েট এবং ১ ছক্কা ও ৯ চারে ৫৪ রান আসে রব জোন্সের ব্যাট থেকে।

প্রতিশোধ নিতে একদমই দেরি করেননি বেন। ইনিংসের দ্বিতীয় ওভারে এবং নিজের দ্বিতীয় ডেলিভারিতে চার্লির স্টাম্প ভেঙে দেন তিনি। অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়ে রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেন তরুণ ওপেনার। 

দুর্দান্ত বোলিং এসেক্সকে ১৫৭ রানে গুটিয়ে দেয় উস্টারশায়ার। ২৭ রানে দুই শিকার ধরেন বেন। 

প্রথম ইনিংসে ২০১ রানের লিড পেলেও প্রতিপক্ষকে ফলো-অন করায়নি উস্টারশায়ার। পরে আবারও ব্যাটিংয়ে নামা দলটি স্রেফ ১৩৪ রানে অলআউট হয়ে যায়। এবার ছয়ে নেমে শূন্য রানে ফেরেন বেন।

৩৩৬ রানের লক্ষ্য তাড়ায় খেলতে নেমে ৪টি চারে ২৩ রান করে ওয়েটের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন চার্লি আলিসন। তার আগে ডিন এলগারকে কট বিহাইন্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেন বেন আলিসন।

বেন ও চার্লি দুই ভাই ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। ৬ বছর বয়সের চার্লির ব্যাটিংয়ের একটি ভিডিও ২০২৩ সালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকে সবার নজরে তিনি।

এক ভাইয়ের উইকেটে আরেকজনের নাম জড়িয়ে থাকা, কিন্তু একে পরের উইকেট নেওয়ার ঘটনা অনেকবারই দেখা গেছে ক্রিকেটে। কাউন্টিতে যেমন ২০১৯ সালে লেস্টারশায়ারের ক্যালাম পারকিনসনকে এলবিডব্লিউ করে দেন ল্যাঙ্কাশায়ারের লেগ স্পিনার ম্যাট পারকিনসন। পরের ইনিংসেই আবার ম্যাটকে এলবিডব্লিউ করেন ক্যালাম। তারা দুই ভাই যমজ।

উল্লেখ করার মতো আরেকটি ঘটনা ঘটেছে ১৯৩৩ সালে লর্ডসে। মিডলসেক্সের হয়ে খেলা হ্যারি লিকে আউট করেছিলেন সমারসেটের জ্যাক লি। মজার ঘটনা হলো, ক্যাচটি নিয়েছেন তাদের আরেক ভাই ফ্র্যাঙ্ক লি।