ক্রিকেট অস্ট্রেলিয়ার পেস বোলিং কোচ হলেন গ্রিফিথ
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের উন্নতিতে সহায়তা করবেন অভিজ্ঞ এই কোচ।
তাসমানিয়ার সাবেক ফাস্ট বোলার অ্যাডাম গ্রিফিথকে নতুন জাতীয় পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের উন্নতিতে সহায়তা করবেন অভিজ্ঞ এই কোচ।
৪৬ বছর বয়সী গ্রিফিথ ব্রিজবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘সেন্টার অব এক্সিলেন্সে’ কাজ করবেন এবং ফাস্ট বোলারদের উন্নতির জন্য জাতীয় কৌশল বাস্তবায়ন করবেন। তিনি জাতীয় ফাস্ট বোলারদের প্রস্তুতি তত্ত্বাবধান করবেন। পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’ দল এবং জাতীয় দলের বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দায়িত্বের কারণে অনুপস্থিত থাকবেন, তখন অস্ট্রেলিয়ার কোচিং স্টাফ হিসেবেও কাজ করবেন।
৫০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬৯ উইকেট নেওয়া গ্রিফিথের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বর্তমানে তিনি ভিক্টোরিয়ার বোলিং কোচ। এর আগে তাসমানিয়া ও হোবার্ট হারিকেন্সের প্রধান কোচ ছিলেন। তাসমানিয়ায় প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগে জাস্টিন ল্যাঙ্গারের অধীনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কর্চার্সের সহকারী কোচ ছিলেন তিনি।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তিনি দীর্ঘদিন ধরে বোলিং কোচ ছিলেন এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের সঙ্গে কাজ করেছেন। ২০১২ ও ২০১৬ সালে দ্বিপাক্ষিক সফর এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পুরুষ দলের সঙ্গেও অল্প সময়ের জন্য কাজ করেছেন তিনি।
পেসার জাই রিচার্ডসন ও পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন যখন তরুণ ছিলেন, তখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় তাদের সঙ্গে কাজ করেছেন গ্রিফিথ। রাইলি মেরেডিথ ও ন্যাথান এলিসকে অস্ট্রেলিয়ার সাদা বলের দলের জন্য গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার। সম্প্রতি টেস্ট অভিষেক হওয়া অলরাউন্ডার বাউ ওয়েবস্টারকে অফ স্পিন থেকে পেস বোলিং করার জন্য রাজি করান তিনিই।
নতুন দায়িত্ব গ্রহণের আগে ভিক্টোরিয়ার বোলিং কোচ হিসেবে চলতি ঘরোয়া মৌসুম শেষ করবেন গ্রিফিথ। দলটি বর্তমানে প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ড ও ৫০ ওভারের প্রতিযোগিতা ডিন জোন্স ট্রফিতে দ্বিতীয় স্থানে আছে।
