চমকপ্রদ সেই রিভিউটি লিটনই নিতে বলেন মিরাজকে
ম্যাচের শেষ সময়ে দারুণ বুদ্ধিদীপ্ত সেই রিভিউ থেকেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
সমীকরণ হতে পারত ২ বলে ১১ রান। সেটিই হয়ে গেল ১ বলে ১২ রান। প্রথমটিই টিকে গেলে জিইয়ে থাকত পাকিস্তানের জয়ের আশা। কিন্তু সিদ্ধান্ত বদলে যাওয়ায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। এই নাটকীয়তার মূলে আছে একটি রিভিউ। শেষ সময়ের চাপের মধ্যে সেই রিভিউ গড়ে দেয় বড় ব্যবধান। ম্যাচের পর রিভিউ নেওয়ার পেছনের গল্প শোনালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। উইকেটে শেষ জুটি। দারুণ খেলতে থাকা শাহিন শাহ আফ্রিদিরই ছিল মূল দায়িত্ব। বোলিংয়ে আনা হয় রিশাদ হোসেনকে, আগের ৬ ওভারে যিনি রান দিয়েছেন ৫৪।
বাঁহাতি ব্যাটসম্যানের সামনে এই ম্যাচের খরুচে লেগ স্পিনার, বাংলাদেশের ভয়ের কারণ ছিল প্রবলভাবেই। রিশাদ প্রথম বলটি করেন গুগলি, যেটি ঠেকিয়ে দেন আফ্রিদি। পরের বলে ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু রিশাদ নিজেই মুঠোয় জমাতে পারেননি বল।
তৃতীয় বল থেকে আসে ২ রান, চতুর্থ ডেলিভারিতে আবার গুগলি রান নেই। এরপরই আলোচিত সেই মুহূর্ত। পঞ্চম ডেলিভারিতে লেগ স্টাম্পের বাইরে পিচ করে টার্ন করে বেরিয়ে যায় আরও। আম্পায়ার সঙ্কেত দেন ওয়াইডের।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যায়। একটু পর রিভিউ নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আইপিএলে বা টি-টোয়েন্টি ক্রিকেটে নানা সময়ে ওয়াইড ডেলিভারির ক্ষেত্রে রিভিউ নেওয়ার নিয়ম রাখা হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তা নেই। বাংলাদেশ রিভিউ নেয় মূলত এলবিডব্লিউয়ের।
এখানেই দারুণ বুদ্ধিমত্তা পরিচয় দেয় বাংলাদেশ। কারণ, রিভিউ নেওয়া হলে সেখানে সম্ভাব্য সবকিছুই খতিয়ে দেখা হয়। ওয়াইডের পরীক্ষাও সেখানেই হয়ে যাওয়ার কথা। রিভিউয়ে দেখা যায়, টার্ন করে বেরিয়ে যাওয়ার আগে বল লাগে আফ্রিদির ব্যাটের অগ্রভাগে। বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। ওয়াইড বদল করে বৈধ ডেলিভারির সঙ্কেত দেন আাম্পায়ার।
ব্যস, বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায় তাতে। পরের বলেও ব্যাটে-বলে করতে পারেননি আফ্রিদি। উল্টো হয়ে যান স্টাস্পড। ১১ রানে জিতে যায় বাংলাদেশ।
ম্যাচের পর অধিনায়ক মিরাজ জানান, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলোচনা করে রিভিউ নিয়েছিলেন তিনি।
“রিভিউ আমরা আলোচনা করে নিয়েছিলাম। লিটন ছিল, শান্ত ছিল। ওরা দুজন বলছিল যে, রিভিউ আছে, আমরা রিভিউ নিয়ে নেই। কারণ আমরা জানি যে, আমাদের দুটি রিভিউ আছে এবং ওটা একটা পরিকল্পনা ছিল আমাদের।”
আম্পায়ার ওয়াইড দেওয়ার পর মাঠে লিটনকে দেখে মনে হচ্ছিল, মিরাজকে কিছু একটা বলছেন তিনি। টি-স্পোর্টসকে শান্ত বললেন, বাংলাদেশের কিপারই পরামর্শটি দিয়েছিলেন অধিনায়ককে।
“লিটন প্রথমে মিরাজকে এই আইডিয়াটা দিয়েছে যে, আমরা রিভিউ নিতে পারি। কারণ, ব্যাটে বল লেগেছিল, আমরা বুঝতে পারছিলাম। ওই সুযোগটা আমরা নিয়েছি। অনেক বড় একটা সময় ছিল। ওই সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি। দারুণ ম্যাচ অ্যাওয়ারনেস এবং ওই বলটা রিভিউ নেওয়ার কারণে আমার মনে হয় আরেকটু সহজ হয়েছে।”
