২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫২ বলের সেঞ্চুরিতে শান্তকে ছাড়িয়ে সুরিয়াভানশির রেকর্ড

ইংল্যান্ডের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে খুনে ব্যাটিং অব্যাহত রেখে এবার বিধ্বংসী সেঞ্চুরিতে একাধিক রেকর্ড গড়লেন ভারতের ১৪ বছর বয়সী ব্যাটসম্যান।

৫২ বলের সেঞ্চুরিতে শান্তকে ছাড়িয়ে সুরিয়াভানশির রেকর্ড
সুরিয়াভানশির ব্যাটে তাণ্ডব চলছেই। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 06:00 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

আগের ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও অল্পের জন্য পারেননি। এবার আর ভুল করলেন না বৈভাব সুরিয়াভানশি। ইংল্যান্ডের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে খুনে ব্যাটিং অব্যাহত রেখে বিধ্বংসী সেঞ্চুরি উপহার দিলেন ভারতের ১৪ বছর বয়সী কিশোর ব্যাটসম্যান। আরেকবার তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে।

ইংল্যান্ড সফরে শনিবার চতুর্থ যুব ওয়ানডেতে ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সুরিয়াভানশি। যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি এটিই। ২০১৩ সালের অগাস্টে লেস্টারে ইংল্যান্ডের বিপক্ষেই ৫৩ বলে সেঞ্চুরি করে এতদিন রেকর্ডটি ছিল পাকিস্তানের কামরান গুলামের।

২০২২ যুব ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করে এই তালিকায় তিনে আছেন পাকিস্তানের কাসিম আকরাম। ওই আসরে উগান্ডার বিপক্ষে ১৬২ রানের ইনিংসের পথে ৬৯ বলে সেঞ্চুরি করে ভারতের হয়ে আগের রেকর্ড ছিল রাজ বাওয়ার।  

১৪ বছর ১০০ দিন বয়সে তিন অঙ্ক ছুঁয়ে যুব ওয়ানডেতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও এখন সুরিয়াভানশি। এখানে আগের রেকর্ড ছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর। ২০১৩ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত সেঞ্চুরি করেছিলেন ১৪ বছর ২৪১ দিন বয়সে।

আগের ম্যাচে ২০ বলে পঞ্চাশ ছুঁয়ে ভারতের হয়ে যুব ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ফিফটির কীর্তি গড়েন সুরিয়াভানশি। সেদিন ৩১ বলে ৮৬ রানের ইনিংসে ৯টি ছক্কা মেরে যুব ওয়ানডেতে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েন তিনি।

দুই দিন পরই ছক্কার রেকর্ডটি নতুন করে লিখলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এ দিন ৭৮ বলে ১৪৩ রানের টর্নেডো ইনিংসে ১৩ চারের সঙ্গে তিনি ছক্কা মারেন ১০টি। 

সিরিজের প্রথম ম্যাচে তিনি ৫ ছক্কা ও ৩ চারে করেছিলেন ১৯ বলে ৪৮ রান, দ্বিতীয় ম্যাচে ৩ ছক্কা ও ৫ চারে ৩৪ বলে ৪৫।

৪ ইনিংসে ৮০.৫০ গড় ও ১৯৮.৭৬ স্ট্রাইক রেটে তার রান এখন ৩২২। চার ও ছক্কা সমান ২৭টি করে।

গত বছরের সেপ্টেম্বরে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন সুরিয়াভানশি, যুব টেস্টে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

তবে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দেন তিনি মূলত এবারের আইপিএল দিয়ে।

নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে জিতে ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হয়ে যান তিনি।

আসরের প্রথম দিকে সুযোগ না পেলেও পরে খেলানো হয় তাকে। আইপিএল অভিষেকের উপলক্ষ রাঙান তিনি প্রথম বলেই চোখধাঁধানো শটে ছক্কা মেরে। ওইদিন ইনিংস বড় করতে না পারলেও ৩ ছক্কা ও ২ চারে ২০ বলে ৩৪ রান করে জানিয়ে দেন নিজের আগমনী বার্তা। 

এক ম্যাচ পর গুজরাট টাইটান্সের বিপক্ষে অসাধারণ ব্যাটিংয়ে ১১ ছক্কায় ৩৮ বলে ১০১ রানের ইনিংস উপহার দেন তিনি। ৩৫ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। আইপিএলে যা দ্বিতীয় দ্রুততম, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। ১৪ বছর ৩২ দিন বয়সে ইনিংসটি খেলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ বছরের কম বয়সী কোনো ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি এটি।

সেই পথ ধরে এবার ইংল্যান্ড সফরে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে একের পর এক রেকর্ডে নাম তুলছেন কিশোর বয়সেই তারকাখ্যাতি পেয়ে যাওয়া ব্যাটসম্যান।