২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজ দেশের ক্রিকেটে মনোযোগ দিন, ভারতেরটা আমাদের ভাবতে দিন’

সুনিল গাভাস্কারের মতে, বিদেশি ক্রিকেটারদের মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢালা ছাড়া কিছুই নয়।

‘নিজ দেশের ক্রিকেটে মনোযোগ দিন, ভারতেরটা আমাদের ভাবতে দিন’
ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার সুনিল গাভাস্কার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 10:21 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ভারতের এশিয়া কাপ দল নির্বাচন নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তুমুল চর্চা। যা একদমই পছন্দ হচ্ছে না সুনিল গাভাস্কারের। বিশেষ করে, বিদেশি ক্রিকেটারদের এ বিষয়ে কথা বলা নিতেই পারছেন না দেশটির ব্যাটিং গ্রেট। 

এশিয়া কাপের দলে গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া শ্রেয়াস আইয়ারের জায়গা না পাওয়া নিয়েই মূলত বইছে আলোচনা-সমালোচনার ঝড়। ভারতের সাবেক কোচ থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের অনেকে প্রশ্ন তুলেছেন নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে।

শ্রেয়াসকে ভারত দলে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন গত আইপিএলে তার সঙ্গে কাজ করা অস্ট্রেলিয়ার সাবেক কিপার-ব্যাটসম্যান ব্র্যাড হাডিন। শ্রেয়াসের নেতৃত্বে রানার্স-আপ হওয়া পাঞ্জাব কিংসের সহকারী কোচ ছিলেন তিনি। অবাক হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও।

স্পোর্টস্টারে নিজের কলামে গাভাস্কার লিখেছেন, বিদেশি ক্রিকেটারদের এসব মন্তব্য বিতর্কের আগুনে কেবল ঘি ঢালা ছাড়া কিছুই নয়। তাই ভারতীয় ক্রিকেট নিয়ে তাদেরকে নাক গলানো বন্ধ করতে বলেছেন তিনি।

“দুর্বোধ্য বিষয় হলো, ভারতীয় ক্রিকেটে যাদের কোনো ভূমিকা নেই এবং এখানকার ক্রিকেট সম্পর্কে জ্ঞান খুব সীমিত, তারা বিতর্কের আগুনে ঘি ঢালছে। খেলোয়াড় হিসেবে তারা যতই দুর্দান্ত হোক না কেন এবং যতবারই ভারতে এসে থাকুক না কেন, ভারতীয় দল নির্বাচন তাদের ভাবনার বিষয় নয়। তাদের উচিত নিজের দেশের ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়া এবং আমাদের ভারতীয়দের আমাদের ক্রিকেট নিয়ে চিন্তা করতে দেওয়া।”

“আশ্চর্যজনকভাবে, যখন তাদের দেশের দল নির্বাচন করা হয়, তখন তাদেরকে এটা নিয়ে খুব কমই কিছু বলতে শোনা যায়। মনে হয় যেন দল নির্বাচন নিখুঁত হয়েছে এবং তাদের কোনো মন্তব্য করার নেই। তাহলে ভারতীয় দল নির্বাচনের ক্ষেত্রে কেন নাক গলাবেন? ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের অন্য দেশের দল নির্বাচন সম্পর্কে কথা বলতে কখনও শুনেছেন? না, আমরা আমাদের নিয়ে চিন্তা করি। তারা কাকে নিলো বা কাকে নিলো না এটা নিয়ে সত্যিই মাথা ঘামাই না।”

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সংস্করণের এবারের এশিয়া কাপ। পরদিন ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে, প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে সুরিয়াকুমার ইয়াদাভের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর তারা খেলবে ওমানের বিপক্ষে।