Published : 19 Jul 2026, 10:25 PM
টি-টোয়েন্টিতে মেডেন নেওয়া এমনিতেই কঠিন। শেষের ওভারগুলোয় মেডেন নেওয়া তো বলা যায় অতি বিরল। সেই পারফরম্যান্সই দেখালেন সাকিব আল হাসান। মেডেন নিলেন ইনিংসের তিনি ষোড়শ ওভারে! দুর্দান্ত বোলিং উপহার দিলেন বাকি ওভারগুলোতেও। জাফনা কিংসের জয়ে বাংলাদেশের অলরাউন্ডার রাখলেন বড় অবদান।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) রোববার ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে চার ওভারে মাত্র ১২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন সাকিব। আগের ম্যাচে হেরে যাওয়া জাফনা এবার ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে।
মেজর লিগ ক্রিকেটে খেলে এই ম্যাচ দিয়েই এলপিএল অভিযান শুরু করেন সাকিব। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দৃশ্যপটে আসতে হয় তাকে দ্রুতই। নতুন বলে এক প্রান্তে বোলিং শুরু করেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারে সাহিবজাদা ফারহান ও দিনেশ চান্দিমালকে আটকে রেখে রান দেন মাত্র চার।
আবার বোলিংয়ে আনা হয় তাকে দ্বাদশ ওভরে। এবার প্রথম বলেই বিদায় করেন রিজা হেনড্রিক্সকে। মিড উইকেট সীমানায় ধরা পড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ওই ওভারে রান দেন স্রেফ এক।
পরের ওভারের প্রথম বলে বাউন্ডারি হজম করেন পাভান রাথ্নায়েকের ব্যাটে। তবে বৃষ্টিবিঘ্নিত ওভারটি শেষ করতে পারেন ভালোভাবেই। বৃষ্টি-বিরতির আগে-পরে মিলিয়ে রান আসে ওই ওভার থেকে রান আসে সাত।
নিজের শেষ ওভারের প্রথম বলে জোরের ওপর করা আর্ম ডেলিভারিতে বোল্ড করেন তিনি রামেশ মেন্ডিসকে। বাকি পাঁচ বলে দেননি কোনো রান।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের ২৮তম মেডেন এটি। স্পর্শ করলেন তিনি মোহাম্মদ আমিরকে। তাদের ওপরে আছে কেবল ৩৫ মেডেন নিয়ে সুনিল নারাইন।
ডাম্বুলা গুটিয়ে যায় ১৩০ রানে। সাকিবের ক্ষুরধার বোলিংয়ের পাশাপাশি তিনটি করে উইকেট নেন ট্রাভিন ম্যাথিউ ও লিজাড উইলিয়ামস।
রান তাড়ায় শুরুটা ভালো না হলেও ভানুকা রাজাপাকসার ঝড়ো ফিফটিতে জিতে যায় জাফনা। ৩৭ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ হন জাফনা অধিনায়ক।
সাত ব্যাটসম্যান ক্রিজে গেলেও সাকিবের ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি।
সাকিবদের পরের ম্যাচ বুধবার হাসান মাহমুদের দল কলম্বো ক্যাপসের বিপক্ষে।