২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মুশফিকের পর বাংলাদেশের কে খেলতে পারেন ১০০ টেস্ট

বাংলাদেশের অন্য কারও ১০০ টেস্ট খেলতে মুশফিকের মতো ২০ বছর সময় লাগবে না, বললেন কোচ ফিল সিমন্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 06:17 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

মুশফিকুর রহিমের লাগছে সাড়ে ২০ বছর। পরের জনের লাগবে কত বছর? কে হবেন সেই ক্রিকেটার? ফিল সিমন্সের ধারণা, মুশফিকুর রহিমের পর বাংলাদেশের যে কেউ ছুঁতে পারেন একশ টেস্ট ম্যাচের সীমানা। তার এত বেশি সময় লাগবে না বলেও মনে করেন বাংলাদেশ কোচ।

২০০৫ সালের মে মাসে শুরু হয়েছিল যে ক্যারিয়ার, সেটি অনন্য এক ঠিকানায় পৌঁছে যাচ্ছে বুধবার। টেস্ট খেলার সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হতে যাচ্ছেন মুশফিক।

এই মাইলফলক ছুঁতে দুই দশকের বেশি সময় লেগে গেল তার। অথচ তার পরে ক্যারিয়ার শুরু করে তার চেয়েও বেশি টেস্ট খেলে আরও আগে অবসরে চলে যাওয়া ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে আছেন বেশ কজনই। কিন্তু মুশফিককে হাপিত্যেশ করতে হয়েছে টেস্ট খেলার জন্য। তার ক্যারিয়ার শুরুর পর তিনটি ভিন্ন পঞ্জিকাবর্ষে স্রেফ দুটি করে টেস্ট খেলেছে বাংলাদেশ। মাত্র তিনটি-চারটি-পাঁচটি ম্যাচ খেলার বছর ছিল আরও।

২০ বছরের বেশি সময় ধরে খেলতে পেরেছেন বলেই শেষ পর্যন্ত শত টেস্ট খেলতে পারছেন মুশফিক। তার পরে এই মাইলফলক ছুঁতে পারবেন কে, এই প্রশ্নটাও উঠে যাচ্ছে এখন।

মুশফিকের শততম টেস্টের আগে কোচ সিমন্স বললেন, এখনকার ক্রিকেটারদের সামনে সুযোগটা আরও বেশি দেখেন তিনি। 

“যে কেউ হতে পারে… (মুশফিকের পরে ১০০ টেস্ট খেলা ক্রিকেটার)। আগামী বছর সম্ভবত আমরা ১২টির মতো টেস্ট খেলতে যাচ্ছি। আগে যা কখনোই হয়নি। কেউ যদি এখনও খেলে যায়, বিকশিত হতে থাকে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করে যায়, তাহলে তার (মুশফিক) চেয়েও দ্রুততায় ১০০ টেস্ট খেলে ফেলবে, তাই না?”

“এখন আর ১০০ টেস্ট খেলতে কারও ২০ বছর লাগবে না, কারণ প্রতি বছর টেস্ট ম্যাচ এখন আগের চেয়ে বেশি। কাজেই যে কেউ নিজেকে বিকশিত করে যাবে, উন্নতি নিশ্চিত করতে পারবে এবং নিয়মিত পারফর্ম করতে পারবে, তারা সেখানে (১০০ টেস্টে) পৌঁছতে পারবে।”

মুশফিকের পরে ১০০ ছোঁয়ার সম্ভাবনায় আপাতত এগিয়ে মুমিনুল হক। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট হবে তার ৭৫তম টেস্ট। তার বয়স ৩৪। ৩৩ বছর বয়সী তাইজুল ইসলাম খেলেছেন ৫৬ টেস্ট।

মেহেদী হাসান মিরাজ খেলেছেন ৫৫ টেস্ট। তবে তার বয়স কেবল ২৮। ফর্ম, ফিটনেস ও তাড়না থাকলে তার সামনেও থাকবে হাতছানি। ৩১ বছর বয়সী লিটন কুমার দাস খেলেছেন ৫১ টেস্ট। নাজমুল হোসেন শান্ত যদিও এখনও পর্যন্ত খেলেছেন কেবল ৩৮ টেস্ট, তবে টেস্টের প্রতি তার যে নিবেদন ও ভালোবাসা, তাতে মনের কোণে একশ টেস্টের স্বপ্ন হয়তো পুষে রেখেছেন তিনি।