এম চিন্নাসোয়ামিতে ফিরছে ক্রিকেট
ভিজায় হাজারে ট্রফির ম্যাচ আলুর থেকে সরিয়ে আনা হতে পারে দিয়ে বেঙ্গালুরুর এই মাঠে, খেলতে পারেন ভিরাট কোহলি।
বেঙ্গালুরুর এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার পর কেটে গেছে ছয় মাস। লম্বা সময় পর অবশেষে এই মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। এখানে খেলার অনুমতি দিয়েছে কার্নাটাকা সরকার।
গত ৪ জুন আইপিএলের নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের অংশ হতে এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামের চারপাশে হাজির হয় লাখো মানুষ। সেখানেই হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন এবং আহত হন অন্তত ৪৭ জন।
ওই ঘটনার পর চিন্নাসোয়ামি স্টেডিয়ামে আরও কোনো শীর্ষ পর্যায়ের ম্যাচ হয়নি। গত অগাস্টে অনুষ্ঠিত কার্নাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) টুর্নামেন্ট মহারাজা ট্রফি সরিয়ে নেওয়া হয় মাইশোরে। ফাইনালসহ উইমেন’স বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজনের সুযোগ হারায় এম চিন্নাসোয়ামি।
প্রায় ১৬ বছর পর ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে খেলবেন ভিরাট কোহলি। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু এই প্রতিযোগিতায় দিল্লির প্রতিনিধিত্ব করবেন দেশটির ব্যাটিং গ্রেট।
নিরাপত্তা ও লজিস্টিক চ্যালেঞ্জের কারণে ভিজায় হাজারে ট্রফির ম্যাচ আলুর থেকে চিন্নাসোয়ামিতে সরিয়ে আনতে পারে কেএসসিএ। যেখানে রয়েছে দিল্লির ম্যাচও। এমনটা হলে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠে কোহলিকে দ্রুতই খেলতে দেখা যেতে পারে। দিল্লির প্রথম তিন ম্যাচে খেলতে পারেন কোহলি।
ভিজায় হাজারে ট্রফির ম্যাচ আয়োজন করতে পারলে, আইপিএলের ম্যাচ আয়োজনের পথেও অনেকদূর এগিয়ে যাবে এম চিন্নাসোয়ামি। সেই আশাই করছেন কেএসসিএ এর নবনির্বাচিত প্রধান ভেঙ্কাটেশ প্রসাদ।
