অভিষেকে ১৫০ করে ব্রিটস্কির ইতিহাস
ওয়ানডে ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
উইল ও’রোককে পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন ম্যাথু ব্রিটস্কি। সতীর্থ ভিয়ান মুল্ডার দৌড়ে এসে তাকে জড়ালেন আলিঙ্গনে। দুই হাতে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরলেন ব্রিটস্কি, আকাশের দিকে তাকিয়ে ফেললেন তৃপ্তির নিঃশ্বাস। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির মুহূর্তটা এভাবেই উদযাপন করলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
তবে সেখানেই থেমে যাননি ব্রিটস্কি। নিজের ইনিংসকে টেনে নিলেন আরও অনেকখানি। এমন এক জায়গায় পৌঁছে গেলেন, যেখানে এর আগে পা পড়েনি ক্রিকেট ইতিহাসের আর কারো। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে দেড়শ ছুঁয়ে গড়লেন রেকর্ড।
লাহোরে ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে সোমবার ইনিংস শুরু করতে নেমে ঠিক ১৫০ রান করেন ব্রিটস্কি। প্রোটিয়া ওপেনারের ১৪৮ বলের ইনিংসটি সাজানো ৫ ছক্কা ও ১১ চারে।
ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার তাকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন ২৬ বছর বয়সী ব্রিটস্কি।
ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান ব্রিটস্কি। সবশেষ এই কীর্তি গড়েছিলেন রিজা হেনড্রিকস, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রান করেছিলেন তিনি। এর দুই বছর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেম্বা বাভুমা ১১৩ রান ও ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলিন ইনগ্রাম ১২৪ রান করেছিলেন।
সব দেশ মিলিয়ে, ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ১৯তম ক্রিকেটার ব্রিটস্কি। সবার আগে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস। ইতিহাসের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রান করেছিলেন তিনি। এই সংস্করণের ইতিহাসে প্রথম দুটি সেঞ্চুরিই তার। পরের বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে ঠিক ১০০ রানের ইনিংস খেলেছিলেন অ্যামিস।
গাদ্দাফি স্টেডিয়ামে এদিন ইনিংস শুরু করতে নেমে দলের একপ্রান্ত আগলে রাখেন ব্রিটস্কি। দেখেশুনে খেলে ইনিংস গড়তে থাকেন তিনি। এক ছক্কা ও তিনটি চারে ফিফটিতে পা রাখেন ৬৮ বলে। কাঙ্ক্ষিত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ১২৮ বলে।
এর আগে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৫৮ ম্যাচ খেলে কেবল একটি সেঞ্চুরি করতে পেরেছিলেন ব্রিটস্কি, অপরাজিত ১৩১। এবার দ্বিতীয় সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লেখালেন তিনি।
শতকের পর দ্রুত রান বাড়াতে শুরু করেন ব্রিটস্কি। সেঞ্চুরি ছোঁয়ার পর ওই ওভারেই ও’রোককে আরেকটি চার ও ছক্কা মারেন তিনি। বেন সিয়ার্সকে ছক্কার পর মারেন চার।
৪৫তম ওভারে ব্রিটস্কি ঝড় বইয়ে দেন সিয়ার্সের ওপর। এই পেসারকে টানা তিনটি চার মারার পর ওভারের শেষ বলে ছক্কায় উড়িয়ে দেড়শতে পা রাখেন তিনি। ওভারটি থেকে আসে ২০ রান।
ম্যাট হেনরির স্লোয়ার বলে মিড-অফে ধরে পড়ে শেষ হয় ব্রিটস্কির চোখধাঁধানো ইনিংস। তার দেড়শ ও মুল্ডারের ৬৪ রানের ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা।
