ভারত-দক্ষিণ আফ্রিকা
Published : 18 Dec 2025, 10:46 PM
পরিত্যক্ত হওয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচের টিকেটের অর্থ দর্শকদের ফেরত দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসসিয়েশন (ইউপিসিএ)। এটা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দায়িত্ব নয় বলে জানিয়েছেন সংস্থাটির সচিব দেভাজিত সাইকিয়া।
ভারতের উত্তর প্রদেশের লাক্ষ্ণৌতে বুধবার হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ। কিন্তু ঘন কুয়াশার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিত্যক্ত ঘোষণা করা হয় লড়াই।
কুয়াশায় চার দিকে ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা কমে আসে মারাত্মকভাবে। তাতে ম্যাচের টস করাও সম্ভব হয়নি।
ভারতীয় গণমাধ্যমের খবর, ম্যাচটি ভেস্তে যাওয়ায় এখন টিকেট অর্থ ফেরত চাইছেন দর্শকরা। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, যদি কোনো ডেলিভারি হওয়ায় আগেই কোনো ম্যাচ বাতিল বা পরিত্যক্ত করা হয়, তাহলে দর্শকরা টিকেটের অর্থ (ফি বাদ দিয়ে) ফেরত পাবেন।
এনিয়ে সাইকিয়া বলেন, ম্যাচটি উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসসিয়েশনের অধীনে হওয়ায়, তারাই টিকেটের অর্থ ফেরত দেবেন।
“এটা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের আওতাধীন, এক্ষেত্রে সেটা হলো ইউপিসিএ। এই ম্যাচের আয়োজক রাজ্য হলো ইউপিসিএ। তারা এই বিষয়ে (টিকেটের অর্থ ফেরত) বলতে পারবে, আর তারাই যথার্থ কর্তৃপক্ষ।”
“টিকেট বিষয়ক সবকিছুই রাজ্য ক্রিকেট অ্যাসসিয়েশনের অধীনে হয়, কারণ বিসিসিআই তাদের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেয় এবং এই সব বিষয়গুলো রাজ্য অ্যাসসিয়েশনের অধীনে থাকে।”
চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি শুক্রবার, আহমেদাবাদে।