২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে আমাদের দল পাঠাবেন না’, পিসিবির প্রতি আফ্রিদি

ভারত যদি পাকিস্তানে খেলতে রাজি না হয়, তাহলে পিসিবিকে ভারতে ক্রিকেট ইভেন্ট বয়কট করার আহ্বান জানিয়েছেন আফ্রিদি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাতে ভারত অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্টটি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা এখনও কাটেনি। ভারত যদি পাকিস্তানে খেলতে রাজি না হয়, তাহলে পাকিস্তানেরও প্রতিবেশী দেশটিতে গিয়ে ক্রিকেট খেলার কোনো কারণ দেখেন না শাহিদ আফ্রিদি। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কঠোর হওয়া উচিত বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক। 

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের তিন শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। কিন্তু ভারতের সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছে সঙ্কট। এখনও প্রকাশ করা হয়নি টুর্নামেন্টের পুরো সূচি।

বিষয়টি নিয়ে আইসিসি সভায় বসলেও, এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। গণমাধ্যমের খবর, পিসিবিকে হাইব্রিড মডেলের প্রস্তাব গ্রহণ করতে বলেছে আইসিসি। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে পিসিবি বরাবরই বলে আসছে, গোটা টুর্নামেন্ট নিজেদের দেশেই আয়োজন করতে চায় তারা।

করাচি আর্টস কাউন্সিলে উর্দু কনফারেন্সে বক্তৃতায় পিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেটের স্বনির্ভরতার গুরুত্ব তুলে ধরেন আফ্রিদি। 

“পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী ও স্বনির্ভর হতে হবে এবং নীতিগত দিক থেকে দৃঢ়তা দেখাতে হবে। ভারত যদি পাকিস্তানে না আসে, তাহলে আমাদের ভারতে গিয়ে কোনো ইভেন্ট খেলার দরকার নেই।”

২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। এই সময়ে অবশ্য ভারতে বেশ কয়েকবার খেলে এসেছে পাকিস্তান।

আইসিসির সমালোচনা করে তাদেরও কঠোর অবস্থান নিতে বললেন আফ্রিদি।

“এমনকি আইসিসিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে, প্রতিটি সদস্য দেশ যেন ক্রিকেট খেলতে পারে তা নিশ্চিত করা তাদের দায়িত্ব নাকি তারা শুধু অর্থ উপার্জন করতে চায়।”