‘আমি হুইলচেয়ারে থাকলেও চেন্নাই আমাকে নেবে’, অবসর প্রসঙ্গে ধোনি
প্রায় ছয় বছরে ধরে শুধু আইপিএলেই খেলছেন ৪৩ বছর বয়সী ধোনি।
কয়েক বছর ধরে আইপিএলের একেকটি আসর আসে, আবারও উচ্চকিত হতে থাকে পুরোনো প্রশ্নটি। আরও কতদিন ২২ গজে দেখা যাবে মাহেন্দ্র সিং ধোনিকে। এই প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ৪৩ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান মজা করে বলছেন, হুইলচেয়ারে থাকলেও তাকে মাঠে টেনে নিয়ে যাবে চেন্নাই সুপার কিংস।
২০১৯ বিশ্বকাপের পর ভারতের হয়ে আর খেলেননি ধোনি। পরের বছর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দেন ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। তার ক্রিকেটার সত্তা টিকে আছে এখন কেবল আইপিএলেই।
গত কয়েক মৌসুম ধরে আইপিএলের আগে-পরে বা টুর্নামেন্ট চলার সময় যে প্রশ্নটি নিয়মিত গেছে, সেটি উঠছে এবারও। এটিই কি ধোনির শেষ আইপিএল? পরের আইপিএলে তাকে দেখা যাবে?
এবারের আসরে চেন্নাইয়ের প্রথম ম্যাচের আগে জিও স্টারকে সেই উত্তর দেওয়ার চেষ্টা করলেন ধোনি।
“সিএসকের হয়ে যতদিন ইচ্ছা আমি খেলতে পারি, এটা আমার ফ্র্যাঞ্চাইজি। আমি হুইলচেয়ারে থাকলেও তারা আমাকে টেনে নিয়ে যাবে (হাসি)।”
আইপিএলে চেন্নাই আর ধোনি যেন সমার্থক শব্দ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুর আসর ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। ২০১৬-১৭ আসরে চেন্নাইকে নিষিদ্ধ করা হলে সে সময় তিনি খেলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। পরে আবার চেন্নাইয়ে যোগ দিয়ে এখনও আছেন তাদের সঙ্গে। তার নেতৃত্বে চেন্নাই শিরোপা জিতেছে পাঁচবার।
গত আসরের আগে তার জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক করা হয় রুতুরাজ গায়কোয়াড়কে। ব্যাট হাতে অবশ্য দারুণ সফল ছিলেন ধোনি। শেষ সময়ের দাবি দারুণভাবে মেটান তিনি। ৫৩.৬৬ গড়ে ১৬১ রান করেন ২২০.৫৪ স্ট্রাইক রেটে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার এবারের আসরের পথচলা শুরু করেছে চেন্নাই।
