চোট পাওয়া খেলোয়াড়ের বদলির প্রথম নজির দেখল ক্রিকেট
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে ব্যবহার করা হয়েছে এমন বদলি।
ম্যাচের মাঝপথে চোট পেয়ে কোনো ক্রিকেটারের ছিটকে পড়া যেকোনো দলের জন্যই বড় ধাক্কা। এমন ঘটনায় দলগুলোর ঘাটতি পূরণের পথ খুঁজছে আইসিসি। কয়েকটি দেশের ঘরোয়া ক্রিকেটে চোট পাওয়া খেলোয়াড়ের বদলির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। সেই পথচলায় এমন বদলির প্রথম নজির দেখা গেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে।
চোট পাওয়া খেলোয়াড়ের বদলি হিসেবে নামা প্রথম ক্রিকেটার ওয়েস্টার্ন প্রভিন্সের ওপেনার জশ ফন হিয়ারডিন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রথম শ্রেণির টুর্নামেন্টে এডওয়ার্ড মুরের ‘লাইক-ফর-লাইক’ বদলি হিসেবে নামেন তিনি।
লায়ন্সের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় চোট পান মুর। প্রথম ইনিংসে ১৯ রান করা এই ওপেনারের বাঁ পায়ের পেশিতে চিড় ধরা পড়ায় বদলি হিসেবে ফন হিয়ারডিনকে নামায় ওয়েস্টার্ন প্রভিন্স। এখনও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেনি দলটি।
শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড এবং ভারতের দুলিপ ও রাঞ্জি ট্রফিতেও এই ট্রায়াল চালু রয়েছে।
চোট পাওয়া ক্রিকেটার ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেলেই কেবল তার বদলি নামানো যাবে। সিএসএ-এর হালনাগাদ করা নিয়ম অনুযায়ী, চোট এমন হতে হবে যে, ওই ক্রিকেটার সাত দিনের আগে খেলায় ফিরতে পারবেন না।
অস্ট্রেলিয়ায় নিয়মটি একটু ভিন্ন। কেবল দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বদলি খেলোয়াড়ের অনুমতি দেওয়া হবে। আর চোট পাওয়া খেলোয়াড় ১২ দিন ক্রিকেট খেলতে পারবে না।
অস্ট্রেলিয়া ও ভারতের মতো দক্ষিণ আফ্রিকায়ও আপাতত কেবল দীর্ঘ পরিসরের ক্রিকেটে এই নিয়মের পরীক্ষামূলক ব্যবহার চলছে।
এই ট্রায়ালের একটি প্রতিবেদন আইসিসির কাছে জমা দেবে দেশগুলো। যা পর্যালোচনা করে আন্তর্জাতিক ক্রিকেটে ‘লাইন-ফর-লাইক’ বদলির নিয়ম চালু করতে পারে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট এখন কেবল ‘কনকাশন সাব’ ব্যবহারের অনুমতি আছে।
