আইপিএল
Published : 22 Mar 2026, 08:13 AM
সাম্প্রতিক সময়ে ক্যামেরন গ্রিনকে নিয়ে একটু বেশিই সতর্ক অস্ট্রেলিয়া। মূলত পেস বোলিং অলরাউন্ডার হলেও, তাকে দিয়ে খুব একটা বোলিং করাচ্ছে না তারা। তাহলে আইপিএলে কী কোটার চার ওভার বোলিং করবেন গ্রিন, উঠছে এমন প্রশ্ন। যদি সেটা না হয়, তাহলে তার পারিশ্রমিক কাটার অনুমতি কলকাতা নাইট রাইডার্সকে দেওয়া উচিত বলে মনে করেন ভারতের স্পিন গ্রেট রাভিচান্দ্রান অশ্বিন।
নিলাম থেকে গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা। কিন্তু তাকে হয়তো ‘পরিপূর্ণ’ অলরাউন্ডার হিসেবে পাবে না তারা। কারণ গত কয়েক মাসে তার বোলিংয়ে ‘ওয়ার্কলোড ম্যানেজ’ করে আসছে অস্ট্রেলিয়া।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেই যেমন দলের চার ম্যাচেই খেলে কেবল দুই ম্যাচে বোলিং করেন গ্রিন। তাও স্রেফ তিন ওভার করে নেন এক উইকেট। বিশ্বকাপের আগে পাকিস্তান সিরিজে তিন ম্যাচে খেলে চার ওভার বোলিং করেন তিনি।
সম্প্রতি শেফিল্ড শিল্ডের ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সেঞ্চুরি করেন গ্রিন। কিন্তু এক বলও করেননি তিনি।
কলকাতা দলের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন গ্রিন। আসরের শুরু থেকেই তাকে পাওয়া যাবে। কিন্তু ম্যাচ প্রতি কত ওভার বোলিং করবেন তিনি, সেটা নিয়ে চলছে চর্চা।
ক্রিকেট চিন্তক হিসেবে পরিচয় গড়ে তোলা অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে অনেক কিছু নিয়েই কথা বলেন। নতুন নতুন অনেক পরামর্শ দেন। এবার তিনি আইপিএলে এসে ‘ওয়ার্কলোড ম্যানেজ’ করা ক্রিকেটারদের পারিশ্রমিক কাটতে বললেন।
“ক্যামেরন গ্রিনকে নিয়ে একটা প্রশ্ন আছে। ক্রিকেট অস্ট্রেলিয়া কি তাকে চার ওভার বোলিং করতে দেবে? সেটা কেবলই একটা সম্ভাবনা। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান বোর্ড (হয়তো) গ্রিনকে বলেছে, তুমি আইপিএল খেলতে পার, তবে টেস্ট ক্রিকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তুমি নির্দিষ্ট পরিমাণ ওয়ার্কলোডই নিতে পারবে।”
“আইপিএল দলগুলোরও এমন সুযোগ থাকা উচিত যে, সে যদি কেবল দুই ওভার বোলিং করে, তাহলে তারাও দুই কোটি রুপি কেটে নিবে। এমনটা কেন হবে না? সে যদি তার চার ওভার করতে না পারে, তাহলে দলেরও পারিশ্রমিক কাটার অধিকার থাকা উচিত, তাই না? আইপিএল নিলামে যখন নাম দিয়েছে, তার থেকে চার ওভার এবং ব্যাটিং আশা করবে যেকোনো দল। তার বোলিং নিয়ে যদি কোনো বিধিনিষেধ না থাকে তাহলে খুব ভালো, অন্যথায় চুক্তির পারিশ্রমিক থেকে কর্তন করার অনুমতিও দেওয়া উচিত।”
পরে কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউডের ‘কিং’ শাহরুখ খানের কেমন অনুভূতি হতে পারে, সেটিও তুলে ধরেন অশ্বিন।
“কল্পনা করুন, আপনি যদি শাহরুখ খান হন এবং একজন ক্রিকেটারকে ২৫ কোটি রুপি খরচ করে কেনেন এবং এরপর সে এসে বলল, ‘স্যার, আজকে আমি কেবল এক ওভার বোলিং করব, কিংবা প্রতিদিন কেবল ১০ বল করব।’ আপনার কেমন লাগবে?”
আইপিএলে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলা গ্রিন চার ওভারের কোটা পূরণ করেছেন কেবল ছয় ম্যাচে। ২০২৩ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩৮ ওভার, পরের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ৩৫.১ ওভার বোলিং করেন তিনি। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত তার শিকার ১৬ উইকেট।
এবারের আইপিএলের পর্দা উঠবে আগামী ২৮ মার্চ। পরদিন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা।