আইপিএলে মুস্তাফিজ ১৮ কোটি পেলেও অবাক হতেন না তাসকিন
আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়া মুস্তাফিজুর রহমানের আরও বেশি পারিশ্রমিক প্রাপ্য বলেই মনে করেন তাসকিন আহমেদ।
আইপিএল নিলামের পর দুই সপ্তাহ হতে চলেছে। মুস্তাফিজুর রহমানের পারিশ্রমিক নিয়ে চর্চা চলছে এখনও। বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতায় অঙ্কটা চোখধাঁধানো। তবে তাসকিন আহমেদের মতে, মুস্তাফিজের আরও বেশি পারিশ্রমিক প্রাপ্য। এমনকি প্রিয় সতীর্থকে এই পারিশ্রমিকের দ্বিগুন অঙ্ক পেতে দেখলেও বিস্মিত হতেন না তিনি।
আইপিএলের নিলামে নাম ছিল তাসকিনেরও। নিলামে উঠেছিল তার নাম। কিন্তু আগ্রহী হয়নি কোনো দল। উল্টো চিত্র ছিল মুস্তাফিজের ক্ষেত্রে। তাকে নিয়ে ছিল কাড়াকাড়ি। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের যা সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
মুস্তাফিজের পারিশ্রমিক বেশি হয়ে গেল নাকি উপযুক্ত, এসব নিয়ে গত কয়েকদিনে অনেক আলোচনা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা তুলে ধরেছেন নানা যুক্তিতর্ক।
তাসকিন এখানে নিজের ভাবনায় পরিষ্কার। মুস্তাফিজের নামের পাশে আরও বড় অঙ্ক দেখলেও তিনি চমকে যেতেন না। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে মাঠে নামার অপেক্ষায় থাকা পেসার সিলেট সোমবার সংবাদ সম্মেলনে বললেন, মুস্তাফিজের মাধ্যমে দেশের অন্য ক্রিকেটারদের প্রতিও আগ্রহ বাড়বে দলগুলির।
“আসলে ফিজ বিশ্ব ক্রিকেটে অনেক প্রমাণিত একজন ক্রিকেটার। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিও পেত, এটা অবাক হওয়ার কিছু হতো না। কারণ এটা ওর প্রাপ্য। ও নিজেকে প্রমাণ করেছে, আইপিএলে অনেক ম্যাচ খেলছে, ভালো করে দেখিয়েছে। আইএল টি-টোয়েন্টিতেও দুর্দান্ত খেলেছে।”
“আমার কাছে বিস্ময়কর নয়। আমি মনে করি ফিজ আরো বেশি ডিজার্ভ করে। আশা করছি এভাবে যদি হতে থাকে, আমাদের সব ক্রিকেটারের কদর বাড়বে।”
আইপিএল নিলামের সময় মুস্তাফিজ ও তাসকিন দুজনই ব্যস্ত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। দুজনই এই লিগে খেললেন প্রথমবার।
দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ওভারপ্রতি ৮.০৮ রান দিয়ে মুস্তাফিজ উইকেট নেন ১৫টি। এখনও পর্যন্ত টুর্নামেন্টে যা দ্বিতীয় সর্বোচ্চ, পেসারদের মধ্যে সর্বোচ্চ। শারজাহ ওয়ারিয়র্জের হয়ে ৬ ম্যাচ খেলে তাসকিনের উইকেট ছিল ৯টি, ওভারপ্রতি রান দেন ৮.৭৬।
দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে তাসকিনের আগের অভিজ্ঞতা বলতে ছিল গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ। এবার আইএল টি-টোয়েন্টিতে মাঠের ভেতরে-বাইরে অনেক কিছু শিখেছেন তিনি, যা কাজে লাগাতে চান জাতীয় দলে।
“সাত্য বলতে, এটা মানে বড় একটা লিগ। দেখা গেছে যে, প্রত্যেকটা দলের ব্যাটিং অনেক শক্তিশালী। দেখতাম যে, একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আছে। সহজ ছিল না বোলার হিসাবে। চেষ্টা করেছি, যতটুকু যা হয়েছে এটা আমার ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগান দবে, যাতে আরও ভালো করতে পারি।”
“সংস্কৃতির দিক থেকে, পেশাদারিত্ব, সবকিছু অনেক সুন্দর ছিল ওখানে। এই জিনিসগুলা থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করেছি, ফিজ যা শিখেছে, আমি যা শিখলাম, রিশাদ যা শিখছে (বিগ ব্যাশে), ভবিষ্যতে এসবের প্রভাব আমাদের জাতীয় দলেও পড়বে। ৫ শতাংশ হলেও উন্নতি হবে।”
আইএল টি-টোয়েন্টি খেলে দেশে ফিরে বিপিএলে সোমবার ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। তাসকিন হয়তো মাঠে নামবেন মঙ্গলবার। তবে রিশাদ পুরো সময়টাতেই ব্যস্ত থাকবেন বিগ ব্যাশে। হোবার্ট হারিকেন্সের হয়ে এখনও পর্যন্ত দারুণ পারফরম্যান্স তার। ৫ ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার, এখনও পর্যন্ত যা স্পিনারদের মধ্যে সর্বোচ্চ। গুরুত্বপূর্ণ সব ব্রেক থ্রু দলকে এনে দিচ্ছেন তিনি।
টিভিতে রিশাদের বোলিং দেখে তাসকিনও দারুণ মুগ্ধ।
“রিশাদের একটা জিনিস যেটা ভালো লাগলো যে, ওর গুগলিটা শার্প হচ্ছে। শুরুর দিকে ওর গুগলিটা ওরকম শার্প ছিল না। কিন্তু এই বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান কন্ডিশনেও ওর বল যে টার্ন করছে… খুব ভালো করছে। ও তো খুবই ইতিবাচক।”
