২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ‘ভয়ঙ্কর নারী নিপীড়ন’, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে ইংল্যান্ড

ম্যাচ বর্জন না করলেও তালেবানকে সরকারের লিঙ্গ বর্ণবাদ নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসিকে চাপে রাখবে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 01:58 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে না বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে আফগানিস্তানে নারীদের লিঙ্গ বর্ণবাদের শিকার হওয়া নিয়েও জোরাল অবস্থান নেওয়া আলোচনা হয়েছে বোর্ড সভায়। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসিকে চাপে রাখবে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডে লেবার পার্টির সাংসদ টোনিয়া অ্যান্টোনিয়াজি কিছুদিন আগে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ডের কাছে চিঠিতে অনুরোধ করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি যেন তারা বর্জন করেন। সেই চিঠিতে স্বাক্ষর ছিল ১৬০ জন সাংসদের। তবে গুল্ড তখনই বলেছিলেন, ম্যাচ বর্জনে তিনি রাজি নন। পরে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারও বলেন, ম্যাচ বর্জন করা কোনো সমাধান নয়। 

এবার ইসিবির চেয়ার‌ম্যান রিচার্ড থম্পসন বৃহস্পতিবার বোর্ড সভার পর বিবৃতিতে বলেন, আফগানিস্তানে নারীদের প্রতি তালেবান সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাদের। 

“আফগানিস্তানে যা হচ্ছে, তা লিঙ্গ বর্ণবাদের চেয়ে কোনো অংশে কম নয়। ক্রিকেটীয় দিক থেকে, নারী ও মেয়েদের ক্রিকেট যখন বিশ্বজুড়ে দারুণভাবে বেড়ে উঠছে, সেখানে এটা খুবই হৃদয় বিদারক যে, আফগান নারীরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তবে আফগান নারী ও মেয়েদের ওপর তালেবানদের ভয়ঙ্কর নিপীড়নের মাত্রা আসলে আরও অনেক বেশি।”

ইসিবি চেয়ারম্যানের মতে, কোনো একটি দেশের একটি ম্যাচ বর্জন করার চেয়ে সব দল মিলে সামগ্রিক কোনো পদক্ষেপ নিলে তা কার্যকর হবে বেশি। 

“ম্যাচ বর্জন করা নিয়ে বিভিন্ন মতামত ও দৃষ্টিভঙ্গির কথা বোর্ড স্বীকার করছে এবং সবকিছু তারা গুরুত্ব দিয়ে শুনেছে। এই ব্যাপারটি নিয়ে সরকার, আইসিসি, আমাদের ছেলেদের দল ও অন্যান্যা অংশীদারদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে আমাদের। পাশাপাশি এটাও আলোচনা হয়েছে, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া নারী ক্রিকেটারদের পাশে ইসিবি কীভাবে থাকতে পারে।”

“সবকিছু বিবেচনা করে, আমাদের মনে হয়েছে, পুরো ক্রিকেটীয় সমাজের সমন্বিত উদ্যোগই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার উপযুক্ত পথ এবং ম্যাচ বর্জনের মতো একতরফা কোনো কিছুর চেয়ে সামগ্রিক উদ্যোগে অর্জন বেশি ধরা দেবে। সাধারণ আফগানদের কথাও শুনেছি আমরা। আফগানিস্তানে সামান্য যা কিছু খুশির উৎস অবশিষ্ট  আছে, এর মধ্যে একটি তাদের ক্রিকেট দল। সব মিলিয়ে আমরা নিশ্চিত করছি যে, ম্যাচটি আমরা খেলব।”

২০২১ সালের অগাস্টে তালেবানরা ক্ষমতায় ফেরার পর থেকেই আফগান নারীদের রুদ্ধ করে রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে একের পর এক। নারীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ একদম সীমিত করা হয়েছে। খেলাধুলায় নারীদের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

এসব কারণে অস্ট্রেলিয়া দুই দফায় আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে। বৈশ্বিক আসরে অবশ্য আফগানদের সঙ্গে খেলছে তারা।

উল্লেখ্য যে, টেস্ট মর্যাদা পাওয়া ও আইসিসির রাজস্বের ভাগ পাওয়ার একটি শর্ত হলো নারী ক্রিকেট কার্যক্রম চালু থাকা। কিন্তু সেই শর্ত দীর্ঘদিন ধরেই মানছে না আফগানিস্তান। তালেবানরা ক্ষমতায় আসার পর থমকে গেছে নারী ক্রিকেট দল গঠনের প্রক্রিয়া। আইসিসি ব্যাপারটি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা ছাড়া আর কোনো উদ্যোগ নেয়নি এখনও। সেই কমিটির কার্যক্রমও দৃশ্যমান নয়।

ইসিবির চেয়ারম্যান জানান, তালেবানকে সরকারের লিঙ্গ বর্ণবাদ নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসিকে চাপে রাখবেন তারা। পাশাপাশি আইসিসিকে তারা অনুরোধ করবেন, আফগান বোর্ডকে দেওয়া তহবিল কমিয়ে আফগানিস্তানের শরণার্থী নারী ক্রিকেট দলকে সহায়তা করতে।

অস্ট্রেলিয়ায় চলে যাওয়া আফগান নারীদের নিয়ে গঠিত একটি দল গত ২৯ জানুয়ারি প্রদর্শনী ম্যাচ খেলেছে মেলবোর্নে। এই দলটিও নিজেদের স্বীকৃতির জন্য আইসিসির কাছে চিঠি লিখেছে। সব মিলিয়ে আইসিসির ওপর চাপ বাড়ছে।

ইসিবি সম্প্রতি জানিয়েছে, এমসিসির ‘গ্লোবাল রিফিউজি ক্রিকেট ফান্ড’-এ তারা ১ লাখ পাউন্ড অনুদান দেবে।