২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষে এসে সাইফের হাসি, বড় জয়ে শেষ ঢাকার

আগের ৮ ম্যাচ মিলিয়ে মোট ৬০ রান করা সাইফ হাসান শেষ ম্যাচটিতে উপহার দিলেন ৫টি করে চার ও ছক্কায় আগ্রাসী ইনিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 10:01 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

৮ ইনিংসে ৬০ রান। ৫ ইনিংসেই আউট দু অঙ্ক ছোঁয়ার আগে। এমন জীর্ণ রেকর্ড সঙ্গী করে মাঠে নেমেছিলেন সাইফ হাসান। বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পাওয়ার শেষ সুযোগ ছিল এই ম্যাচ। বিবর্ণ মৌসুমের শেষ ম্যাচে এসে অবশেষে জ্বলে উঠলেন তিনি। এক ম্যাচেই ছাড়িয়ে গেলেন আগের সব ম্যাচের রানকে। তার দলও হতাশাময় মৌসুমের শেষটা করতে পারল জয় দিয়ে।

বিপিএলের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারায় ঢাকা ক্যাপিটালস।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার ৫ টি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেন সাইফ। ঢাকা তোলে ১৭০ রান।

চট্টগ্রাম পারেনি লড়াই সামান্যতম জমাতেও। শুরু থেকেই ধুঁকতে ধুঁকতে এগিয়ে পরে লেজের লড়াইয়ের পর গুটিয়ে যায় ১২৮ রানে। 

২০ রানে চার উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফ উদ্দিন, বিপিএলে যা তার ক্যারিয়ার সেরা বোলিং। তিনটি নেন তাসকিন আহমেদ। 

১০ ম্যাচের তিনটি জিতে তলানি থেকে দুইয়ে আসর শেষ করল ঢাকা। এই ম্যাচে হারলেও খুব ক্ষতিবৃদ্ধি হয়নি চট্টগ্রামের। প্লে-অফ নিশ্চিত করেছিল তারা আগেই। এই ম্যচে বড় পরাজয়ের পরও শীর্ষ দুয়েই আছে তারা, যেটির মানে ফাইনালে যাওয়ার দুটি সুযোগ অন্তত তারা পাচ্ছে। তবে মূল লড়াইয়ের আগে টানা দুই ম্যাচের হার তাদের জন্য দুর্ভাবনার তো বটেই।

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকার ইনিংসের শুরুতে উসমান খান যথারীতি বিদায় নেন খানিকটা ঝলক দেখিয়েই। ৬ বলে ১৬ রান করে তানভির ইসলামের বলে ধরা পড়েন তিনি সীমানায়।

সাইফ শুরুতে সময় নেন একটু। প্রথম আট বলে তার রান ছিল তিন। পরে ইনিংসের পঞ্চম ওভারে হুট করেই আবির্ভূত হন তিনি রুদ্ররূপে। আমির জামালকে গুঁড়িয়ে দেন এক ওভারে চারটি চার ও একটি ছক্কায়। পরের ওভারে দর্শনীয় দুটি ছক্কা মারেন মুকিদুল ইসলামকে।

পরে হাসান নাওয়াজকে ছক্কা মেরে পঞ্চাশে পৌঁছে যান তিনি ২৯ বলে। 

১০ ওভারে ঢাকা তোলে ৯৪ রান।

তার সঙ্গী জুবাইদ আকবারি অনেকটা সময় ছিলেন একরকম ঘুমিয়ে। পরে দুটি ছক্কা মারেন তিনি শেখ মেহেদি হাসান ও তানভিরকে। এছাড়া বেশির ভাগ সময়ই তিনি ভুগেছেন শট খেলতে।

এই জুটি থামে ৬১ বলে ৯০ রানে। আকবারি ফেরেন ৩০ বলে ২৯ করে।

আকবারিকে ফেরানোর পরের বলে শামীম হোসেনকেও বিদায় করে দেন তানভির। 

একটু পর তাদের সঙ্গী হন সাইফ। মুকিদুলের বলটি ছিল অফ স্টাম্পের অনেক বাইরে, ছেড়ে দিলে যা হতো ওয়াইড। সেটিকেই স্কুপের মতো খেলে ক্যাচ দেন তিনি শর্ট ফাইন লেগে।

তার বিদায়ের পর সেভাবে আর শেষ দিকে ঝড় তুলতে পারেনি ঢাকার ব্যাটসম্যানরা। অভিজ্ঞ সাব্বির রহমান ফেরেন ৯ বলে ৯ রান করে, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১২ বলে ১৫। 

শরিফুল ইসলামের এক ওভারেই আউট হন মোহাম্মদ সাইফ উদ্দিন ও আসরে প্রথম খেলতে নামা তোফায়েল আহমেদ। আমির জামালের করা শেষ ওভারেও উইকেটের পতন হয় দুটি।

তিন রানে হারায় তারা শেষ চার উইকেট।

দিনের প্রথম ম্যাচে ১৭৪ রান তাড়া করে জিতেছিল রংপুর রাইডার্স। রাতের ম্যাচে এই লক্ষ্যটা আরও সহজই হওয়ার কথা। কিন্তু চট্টগ্রামের ব্যাটিংয়ে শুরু থেকেই ছিল উল্টো স্রোত।

ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের ডেলিভারি স্টাম্পে টেনে আনেন মোহাম্মাদ হারিস। প্রথম বলে বাউন্ডারি দিয়ে শুরুর পর মাহমুদুল হাসান জয় থেমে যান পরের ওভারেই। তাসকিনের তোপে সাদমান ইসলাম পাননি রানের দেখা। আগের ম্যাচেও তিনি আউট হয়েছিলেন শূন্যতে।

অস্বস্তিময় কিছ সময় কাটিয়ে মোহাম্মদ নাঈম শেখ আউট হন ২১ বলে ১৮ রানে। পাকিস্তান হাসান নাওয়াজ ২১ বল খেলে করেন ১৯ রান। দলকে উদ্ধার করতে পারেননি অধিনায়ক শেখ মেহেদিও (৩)। আসিফ আলি ১৮ বল খেলে করেন ১২ রান। 

সেসময় একশ রানকেই মনে হচ্ছিল অনেক দূর পথ। তবে ৭৮ রানে ৮ উইকেট হারানো দল ১৩০ রানের কাছে যেতে পারে আমির জামাল ও শরিফুল ইসলামের সৌজন্যে। ২১ বলে ৫০ রানের জুটি গড়েন তারা, নবম উইকেটে যা বিপিএলের তৃতীয় অর্ধশত রানের জুটি।

২৬ বলে ৪২ রান করে শেষ ওভারে আউট হন জামাল। পরের বলেই শেষ ব্যাটসম্যান মুকিদুল ইসলামকে বোল্ড করে ম্যাচ শেষ করার পাশাপাশি নিজের চতুর্থ শিকার ধরেন সাইফ উদ্দিন। 

টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। একই দিনে সরাসরি ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।

সংক্ষিপ্ত স্কোর: 

ঢাকা ক্যাপিটালস: ১৯.৫ ওভারে ১৭০ (আকবারি ২৯, উসমান ১৬, সাইফ হাসান ৭৩, শামীম ০, সাব্বির ৯, মিঠুন ১৫, সাইফ উদ্দিন ১২, ইমাদ ২, তোফায়েল ১, তাসকিন ০*, মারুফ ০; শরিফুল ৪-০-১৮-২, মুকিদুল ৩-০-৪০-১, তানভির ৪-০-২৫-৩, জামাল ৩.৫-০-৪৯-২, শেখ মেহেদি ৪-০-২৫-১, নাওয়াজ ১-০-১২-০)।

চট্টগ্রাম রয়্যালস: ১৯.৪ ওভারে ১২৮ (হারিস ০, নাঈম ১৮, জয় ৬, সাদমান ০, নাওয়াজ ১৯, শেখ মেহেদি ৩, আসিফ ১২, জামাল ৪২, তানভির ১, শরিফুল ১৪*, মুকিদুল ০; তাসকিন ৪-১-২৮-৩, ইমাদ ৪-১-৯-১, মারুফ ৪-০-৪০-০, সাইফ উদ্দিন ৩.৪-০-২০-৪, তোফায়েল ৩-০-২৭-১, আকবারি ১-০-২-০)।

ফল: ঢাকা ক্যাপিটালস ৪২ রানে জয়ী। 

ম্যান অব দা ম্যাচ: সাইফ হাসান।