২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭৯ কোটি রুপিতে ভারতের প্রধান স্পন্সর অ্যাপোলো টায়ার্স

টায়ার কোম্পানির সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

৫৭৯ কোটি রুপিতে ভারতের প্রধান স্পন্সর অ্যাপোলো টায়ার্স
এশিয়া কাপে জার্সিতে স্পন্সরের নাম ছাড়া খেলছে ভারত। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ড্রিম ইলেভেন-এর সঙ্গে চুক্তি বাতিলের পর নতুন স্পন্সর পেতে খুব বেশি সময় লাগল না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের। পুরুষ ও নারী দলের প্রধান স্পন্সর হিসেবে অ্যাপোলো টায়ার্সের সঙ্গে চুক্তি করেছে তারা।

অ্যাপোলোর সঙ্গে আড়াই বছরের চুক্তি করার কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। তবে চুক্তির আর্থিক দিক নিয়ে কিছু খোলাসা করেনি তারা।

ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭৯ কোটি রুপিতে অ্যাপোলোর সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই।

ভারত সরকারের নতুন ‘অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন’ বিল পাস হওয়ার পর ড্রিম ইলেভেন-এর সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি বিসিসিআই। বিশ্বের সবচেয়ে বড় ‘রিয়েল মানি’ অনলাইন গেমিং প্ল্যাটফর্মটির সঙ্গে ৩৫৮ কোটি রুপির চুক্তি বাতিল করতে বাধ্য হয় তারা। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল তাদের।

তাই এখন এশিয়া কাপে স্পন্সর ছাড়া খেলছে ভারতের পুরুষ দল। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে স্পন্সর ছাড়া খেলছে ভারতে নারী দল।