আত্মহত্যা করেছেন থর্প, নিশ্চিত করল পরিবার
আমরা এটা নিয়ে কথা বলতে লজ্জিত নই, সবার মাঝে সচেতনতা বাড়াতে চাই, বলেছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের মেয়ে কিটি।
গ্রাহাম থর্পের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছেন তার পরিবারের সদস্যরা। ইংলিশ সাবেক ব্যাটসম্যানের স্ত্রী ও সন্তান নিশ্চিত করেছেন, দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত থাকার পর আত্মহত্যা করেছেন তিনি।
গত সোমবার ইংল্যান্ডের সাবেক সহকারী কোচ থর্পের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তখন বলা হয়েছিল, দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই চলছিল তারা। সেই অসুস্থতা মূলত ছিল মানসিক।
থর্পের মৃত্যু নিয়ে সম্প্রতি ‘টাইমস’ সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন তার স্ত্রী আমান্ডা ও বড় মেয়ে কিটি। সেখানে থর্পের দীর্ঘ দিনের সতীর্থ মাইকেল আথারটনকে আমান্ডা নিশ্চিত করেন, তার স্বামীর আত্মহত্যা করার কথা।
“গত কয়েক বছর ধরে গ্রাহাম প্রচণ্ড হতাশা ও মানসিক চাপে ভুগছিল। এটা তাকে ২০২২ সালের মে মাসে জীবন নেওয়ার গুরুতর প্রচেষ্টার দিকে ঠেলে দিয়েছিল। যে কারণে দীর্ঘদিন আইসিইউতে থাকতে হয়েছিল। পুরোনো গ্রাহামকে ফিরে পাওয়ার কিছু ঝলক দেখা গেলেও সে বিষণ্ণতা এবং দুশ্চিন্তায় ভুগতে থাকে, যা মাঝে মাঝে খুব তীব্র হয়ে ওঠে। আমরা তাকে একটি পরিবার হিসাবে সমর্থন করেছি এবং সে চিকিত্সা নেওয়ার খুব চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনোটিই সত্যি কাজ করেছে বলে মনে হয় না।”
১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেন থর্প। ২০০৫ সালে চেস্টার লি স্ট্রিটে বাংলাদেশের বিপক্ষে নিজের শততম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান। এছাড়া ৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ৮২টি ম্যাচ খেলেন তিনি।
খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানার পর ২০১০ সালে ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব নেন থর্প। পরে ক্রিস সিলভারউডের কোচিংয়ে সহকারীর দায়িত্বও পালন করেন তিনি। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের সময়ও কোচিং স্টাফে ছিলেন তিনি।
২০২১-২২ মৌসুমে ইংল্যান্ডের ভরাডুবির পর চাকরিচ্যুত হন থর্প। পরে অবশ্য ২০২২ সালের মার্চে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। কিন্তু এর দুই মাস পরই আত্মহত্যার চেষ্টা করেন থর্প। তখন ‘গুরুতর অসুস্থতাকে’ কারণ দেখিয়ে আফগানদের দায়িত্বও ছেড়ে দেন।
দীর্ঘ ধরেই মানসিক চাপের সঙ্গে লড়াই করছিলেন থর্প। শেষ পর্যন্ত হেরে গিয়ে নিজের জীবন নিজেই নেন তিনি। তার মেয়ে কিটি বলেন, তার বাবার এই ঘটনা নিয়ে কথা বলতে তাদের লজ্জা পাওয়ার কিছু নেই। বরং এটি জানিয়ে অন্যদের সচেতন করতে চান তারা।
“আমরা এটা নিয়ে কথা বলতে লজ্জিত নই। লুকানোর কিছু নেই এবং এটা কোনো কলঙ্কও নয়। আমরা তাকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করার চেষ্টা করছিলাম, তাই আমরা কিছুই বলিনি। ব্যাপারটি যতই বাজে হোক না কেন, এখনই সময় খবরটা শেয়ার করার। আমরা এসব কথা বলতে এবং সবাইকে জানাতে চেয়েছিলাম। এখন আমরা সচেতনতাও বাড়াতে চাই।”
